|
জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু
নতুন বার্তা, ঢাকা:
|
জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছেন তমালিকা কর্মকার ও সাঈদ বাবু। আগামী ৪ অক্টোবর যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ায় লি সেন্টারে মঞ্চস্থ হবে সূচনা থিয়েটারের বহুল আলোচিত নাটক ‘অমানুষ’। স্বনামধন্য নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ রচিত নাটকটির এটি চতুর্থ প্রদর্শনী।এর আগে নিউ জার্সিতে দুটি ও নিউইয়র্কে একটি প্রদর্শনীতে নাটকটিতে অভিনয় করেছিলেন মিতালী দাস ও হীরা চৌধুরী। এবার সেই চরিত্রগুলোতে নতুন করে প্রাণ দিচ্ছেন তমালিকা ও সাঈদ। ‘অমানুষ’ নাটকের গল্পের কেন্দ্রে একজন আদর্শবাদী শিক্ষক, যিনি একটি শিক্ষিত ও মানবিক সমাজ গড়ার স্বপ্ন দেখেন। কিন্তু দুর্নীতি, অনিয়ম আর সামাজিক চাপে সেই স্বপ্ন ক্রমশ অসম্ভব হয়ে ওঠে। হতাশায় ভেঙে পড়া মানুষটি একপর্যায়ে মানসিক ভারসাম্য হারিয়ে চরম সিদ্ধান্তের দিকে ঝুঁকে পড়েন। অন্যদিকে তাঁর স্ত্রী তাঁকে বোঝাতে চান, স্বপ্ন ভেঙে ফেলা নয়, ধরে রাখাই জীবনের আসল শক্তি। নাটকটি শেষে দর্শকের সামনে রেখে যায় একটি প্রশ্ন-আমরা কি সত্যিই মানুষ, নাকি সমাজের চাপে ধীরে ধীরে ‘অমানুষ’ হয়ে উঠছি? প্রসঙ্গত, ‘অমানুষ’ দিয়েই প্রথমবার মঞ্চনাটক নির্দেশনায় আসেন জান্নাতুল টুম্পা। প্রায় দুই দশক নাট্যপ্রযোজনার সঙ্গে যুক্ত থাকলেও নির্দেশনার পরিকল্পনা তাঁর ছিল না; নাট্যকার মামুনুর রশীদের আগ্রহেই দায়িত্ব নেন তিনি। গত ১৪ জুন নিউ জার্সির নিউ ব্রান্সউইকে সাউথ এশিয়ান থিয়েটার ফেস্টিভ্যালের ২১তম আসরে দুটি শোর মধ্য দিয়ে নাটকটির যাত্রা শুরু হয়। উৎসবের আয়োজক ছিল এপিক (এমপাওয়ারিং পিপল ইন্সপায়ারিং কমিউনিটি), সহ-আয়োজক কোল্যাব আর্টস। পরে নিউইয়র্কে হয় তৃতীয় প্রদর্শনী। |