|
দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই দূতাবাসে হুমকি: ডিবি
নিজস্ব প্রতিবেদক,ঢাকা:
|
বিভিন্ন বিদেশি দূতাবাসে হুমকির বিষয়ে কাজ করা হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, দেশের ভাবমূর্তি নষ্টের জন্য একটি গ্রুপ এই কাজ করছে।রবিবার (২৩ আগস্ট) রাজধানীর মিন্টো রোডের ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। শফিকুল ইসলাম বলেন, আমরা চক্রটিকে শনাক্ত করার চেষ্টা করছি। একটি নির্দিষ্ট অপরাধী চক্র ইন্টারনেটের মাধ্যমে ইমেইল পাঠিয়ে কূটনৈতিক জোনের বিভিন্ন দূতাবাসে হুমকি দিচ্ছে এবং চাঁদা আদায়ের চেষ্টা করছে। এই চক্রটি সাধারণ ও নিরীহ মানুষের বিকাশ নম্বর ব্যবহার করে ইমেইল পাঠায়, যারা নিজেরাও জানে না যে তাদের নম্বর এই কাজে ব্যবহৃত হচ্ছে। ডিবি সূত্র জানায়, চায়না, পাকিস্তান, তুরস্কসহ ৪টি বিদেশি দূতাবাস এবং কয়েকটি সরকারি দপ্তরে এই ধরনের হুমকির ইমেইল পাঠিয়েছে। ডিবি প্রধান বলেন, আমাদের প্রাথমিক ধারণা অনুযায়ী, এটি কেবল চাঁদাবাজি নয়, বরং কাউকে হয়রানি করা বা ব্যক্তিগত শত্রুতার জের ধরে হতে পারে। এছাড়া, বিদেশি রাষ্ট্রদূত ও দূতাবাসগুলোর মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এই চক্রের অন্যতম উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে। |