|
মিরপুরে চেকপোস্টে পালানোর চেষ্টা, পিস্তল-গুলিসহ দুইজন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক,ঢাকা:
|
রাজধানীর মিরপুরে পুলিশের চেকপোস্টে থামার সংকেত পেয়ে পালানোর চেষ্টা করায় দুই যুবককে আটক করা হয়েছে। পরে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিনে থাকা ছয়টি গুলি, একটি মোটরসাইকেল ও দুটি মুঠোফোন জব্দ করেছে পুলিশ।গ্রেফতারকৃত আসামিরা হলেন–মো. সাইফুল ইসলাম তপু (২৬) ও মো. রবিন মিয়া (৩০)। রবিবার (২৩ আগস্ট) মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। পুলিশ জানায়, শনিবার রাত সোয়া ১০টার দিকে দক্ষিণ পীরেরবাগের ৬০ ফুট সড়কের ভাঙা ব্রিজসংলগ্ন টি-ভ্যালী এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় মোটরসাইকেলে করে দুই ব্যক্তি চেকপোস্টের সামনে এলে পুলিশ তাদের থামার সংকেত দেয়। তাঁরা মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তাদের আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে একজনের পরা প্যান্টের কোমর থেকে একটি বিদেশি পিস্তল এবং অপরজনের প্যান্টের বাঁ পকেট থেকে একটি ম্যাগাজিনে থাকা ছয়টি গুলি উদ্ধার করা হয়। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও দুটি মুঠোফোনও জব্দ করা হয়। পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুজন অবৈধভাবে পিস্তল ও গুলি নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন। তবে উদ্ধার করা অস্ত্র ও গুলির বৈধ কোনো কাগজপত্র তারা দেখাতে পারেননি। এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। |