|
একাডেমিক উৎকর্ষ ও পেশাগত উন্নয়নে
আইসিএসবি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
নতুন বার্তা, ঢাকা:
|
ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (AIS) বিভাগের মধ্যে একাডেমিক উৎকর্ষ ও পেশাগত উন্নয়ন জোরদারের লক্ষ্যে বুধবার, ১৭ জুন ২০২৬, ঢাকায় আইসিএসবি কাউন্সিল কক্ষে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এ সমঝোতা স্মারক একাডেমিশিয়ান ও প্রফেশনালদের মধ্যে সহযোগিতা আরও সুদৃঢ় করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে। আইসিএসবি-এর পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও প্রেসিডেন্ট (ইন-চার্জ) জনাব রফিকুল ইসলাম এফসিএস এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (AIS) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শামসুন নাহার। এই অংশীদারিত্বের মাধ্যমে পেশাগত শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ, জ্ঞান বিনিময় এবং সক্ষমতা উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণ করা হবে। এর ফলে একাডেমিক শিক্ষা ও প্রফেশনালদের মধ্যে বিদ্যমান ব্যবধান দূর করতে কার্যকর ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের বিশিষ্ট শিক্ষাবিদ, পেশাজীবী এবং ঊর্ধ্বতন প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমিন এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আলী নূর; আইসিএসবি-এর পক্ষ থেকে ভাইস প্রেসিডেন্ট জনাব মো. শরীফ হাসান এফসিএস এবং কাউন্সিল সদস্য ও এডুকেশন কমিটির সদস্য জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এফসিএস। অনুষ্ঠানে বক্তারা ভবিষ্যৎ উপযোগী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে একাডেমিক ও শিল্পখাতের মধ্যে কার্যকর সহযোগিতার ক্রমবর্ধমান গুরুত্বের ওপর আলোকপাত করেন। তারা বলেন, প্রযুক্তিগত দক্ষতা, নৈতিক মূল্যবোধ এবং নেতৃত্বের গুণাবলিতে সমৃদ্ধ পেশাজীবী তৈরির মাধ্যমে করপোরেট বিশ্বের পরিবর্তিত চাহিদা সফলভাবে মোকাবিলা করা সম্ভব। উভয় প্রতিষ্ঠান আশা প্রকাশ করে যে, এই কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে যৌথ গবেষণা, পেশাগত উন্নয়নমূলক কার্যক্রম, শিক্ষার্থীদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং বাংলাদেশে সুশাসন ও কর্পোরেট উৎকর্ষ প্রতিষ্ঠায় নতুন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। স্বাক্ষরিত সমঝোতা স্মারক বিনিময় এবং আনুষ্ঠানিক ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইসিএসবি-এর সেক্রেটারী ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাব্বিরুল আলম চৌধুরী। |