|
গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, সাতারকুল ক্যাম্পাস পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
নতুন বার্তা, ঢাকা:
|
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আজ গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের সাতারকুল ক্যাম্পাস পরিদর্শন করেন। এ সময় তিনি প্রতিষ্ঠানটির আধুনিক ‘ইনকোয়ারি-বেজড’ শিক্ষাব্যবস্থার প্রশংসা করেন।ক্যাম্পাস পরিদর্শনকালে প্রতিমন্ত্রী স্কুলটির পরিচালনা পর্ষদ, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় এসটিএস গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মানাস সিং প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ ও আধুনিক সুযোগ-সুবিধা ঘুরে দেখান এবং একাডেমিক বিভিন্ন কার্যক্রমের সঙ্গে পরিচিত করান। গ্লেনরিচ সাতারকুলের প্রি-প্রাইমারি শ্রেণিকক্ষ, প্লে-জোন, মন্টেসরি ল্যাব, সেন্ট্রাল কোর্টইয়ার্ড, স্কুল লাইব্রেরি এবং সেকেন্ডারি শ্রেণিকক্ষ ঘুরে দেখেন প্রতিমন্ত্রী। এ ছাড়া তিনি বিদ্যালয়টির উন্নত একাডেমিক হাবগুলো, যেমন আর্ট ল্যাব, ম্যাথ ল্যাব, রোবোটিকস ল্যাব ও আইসিটি ল্যাবসহ একাধিক বিজ্ঞান ল্যাব পরিদর্শন করেন। এ ছাড়া শিক্ষার্থীদের বিভিন্ন সৃজনশীল ও ক্রীড়া সুবিধাও ঘুরে দেখেন প্রতিমন্ত্রী। এর মধ্যে ছিল মিউজিক রুম (গিটার, ভায়োলিন, পিয়ানো ও কণ্ঠসংগীত), ড্যান্স রুম, ইনডোর জিমনেশিয়াম, সুইমিং পুল, স্কেটিং রিঙ্ক এবং ফুটবল, বাস্কেটবল ও ক্রিকেট অনুশীলনের জন্য নির্ধারিত আউটডোর স্পোর্টস জোন। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ স্কুলটির মানসম্মত শিক্ষা কার্যক্রম এবং ভবিষ্যৎ উপযোগী শিক্ষার্থী গড়ে তুলতে তাদের সার্বিক বিকাশে নেওয়া উদ্যোগের প্রশংসা করেন। পরিদর্শন সম্পর্কে এসটিএস গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মানাস সিং বলেন, “মাননীয় প্রতিমন্ত্রীর এ সফর আমাদের জন্য অত্যন্ত গৌরবের। এটি শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে বিশ্বমানের শিক্ষা ও উন্নত অবকাঠামো প্রদানে আমাদের অঙ্গীকারকে আরও দৃঢ় করবে।” |