|
বিএসএফের পুশইনে সহায়তার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে ৭ বাংলাদেশি আটক
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
|
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ’র পুশইনে সহায়তা করার অভিযোগে সাত বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র সহায়তায় সোমবার (১৫ জুন) রাতে সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম মঙ্গলবার (১৬ জুন) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।আটক বিষয়ে ওসি নূরে আলম বিজিবির বরাত দিয়ে জানান, সোমবার রাত ১১টার দিকে রোকনপুর সীমান্ত এলাকা দিয়ে এক নারীকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালায় বিএসএফ। সে সময় রোকনপুর সীমান্ত সংলগ্ন এলাকার সাত বাংলাদেশি ওই নারীকে বাংলাদেশে আসতে গোপনে সহায়তা করছিলেন। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে পুশ-ইন প্রতিহত করেন এবং ঘটনাস্থল থেকে চার বাংলাদেশিকে আটক করেন। পরবর্তীতে রাত ৪টার দিকে বিজিবি আটককৃতদের গোমস্তাপুর থানায় সোপর্দ করে। পরে পুলিশ অভিযান চালিয়ে একই অভিযোগে আরও তিনজনকে আটক করে। আটককৃতদের নাম-পরিচয় যাচাই-বাছাই শেষে পরে বিস্তারিত জানানো হবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি। এ বিষয়ে নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, সোমবার রাতে ৮৮ ব্যাটালিয়ন বিএসএফের আওতাধীন ওয়াদা ক্যাম্পের সদস্যরা নৌকা করে এক নারীকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছিল। তবে বিজিবি টহল দলের তাৎক্ষণিক ও কঠোর পদক্ষেপে সেই পুশইন প্রতিহত করা হয়। এদিকে সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে নদী ও বিলে নৌকা এবং স্থলপথে বাইনোকুলার ও ড্রোন ক্যামেরা দিয়ে সার্বক্ষণিক নজরদারি করছে বিজিবি। এছাড়া রাতের অন্ধকারে অনুপ্রবেশ রুখতে ব্যবহার করা হচ্ছে নাইট ভিশন ক্যামেরা। এছাড়া বিজিবির পাশাপাশি সতর্ক অবস্থান নিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। স্থানীয়দের ধারণা, সীমান্ত এলাকায় তারকাটা না থাকার সুযোগে বিএসএফ বারবার এভাবে মানুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করছে। প্রসঙ্গত, গত ১১ দিনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে তিন দফায় সর্বমোট ৪৪ জনকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেয়ার চেষ্টা করেছে বিএসএফ। তবে প্রতিবারই বিজিবি ও স্থানীয়দের তীব্র প্রতিরোধে তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে বিএসএফ। পরপর পুশইনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর চাঁপাইনবাবগঞ্জের প্রায় ১৮৪ কিলোমিটার সীমান্তে কঠোর নজরদারি, সর্বোচ্চ সতর্কতা এবং টহল ও তৎপরতা বাড়িয়েছে বিজিবি। সীমান্ত সুরক্ষায় তিনটি ব্যাটালিয়নে জনবলও বৃদ্ধি করা হয়েছে। এর আগে শুক্রবার (১৩ জুন) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে রোকনপুর সীমান্ত দিয়ে নদীপথে ১৫ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে বিএসএফ। বিজিবির তাৎক্ষণিক বাধার মুখে রাত ২টা ৪০ মিনিটের দিকে বিএসএফ সদস্যরা ওই ১৫ জনকে সীমান্ত-সংলগ্ন ভবানীপুর এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়। ভুক্তভোগী ওই দলে দুজন পুরুষ, আটজন নারী এবং পাঁচজন শিশু ছিল। তারও আগে, গত ৪ জুন ভোর রাতে চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে আরও ২৮ জন নারী-পুরুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছিল বিএসএফ। সে সময়ও বিজিবির কঠোর বাধার মুখে অনুপ্রবেশকারীরা শূন্য রেখায় তিন দিন অবস্থান করতে বাধ্য হয় এবং পরবর্তীতে বিএসএফ তাদের ভারতের অভ্যন্তরে ফেরত নিয়ে যায়। |