|
গভীর আকর্ষণ থেকেই নিখোঁজ তিন কিশোরী, চার দিনপর মোহাম্মদপুরে উদ্ধার
নিজস্ব প্রতিবেদক,ঢাকা :
|
রাজধানীর পল্লবী ও তেজগাঁও থানা এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে চার দিন পর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) পল্লবী থানা পুলিশ। পুলিশ বলছে, একে অন্যের প্রতি গভীর আকর্ষণ থেকে তারা নিখোঁজ হয়েছিলেন। শুক্রবার (০৫ জুন) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ- পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। গত সোমবার (০১ জুন) রাজধানীর পল্লবী থানা এলাকা থেকেমানহা হাসিব রাইসা (১৭) নিখোঁজ হয়। একই দিন তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা থেকে দিপীকা (১৭) ও দিপীকার ছোট বোন দিয়া (১৩) নিখোঁজ হয়। পল্লবী থানার বরাত দিয়ে এন এম নাসিরুদ্দিন বলেন, গত মঙ্গলবার (০২ জুন) জনৈক মো. হাসিবুর রহমান রনি থানায় এসে জানান যে, তার মেয়ে মানহা হাসিব রাইসা (১৭) গত সোমবার (০১ জুন) বিকেল ৪টার দিকে তার বান্ধবী দিপীকা (১৭) ও দিপীকার ছোট বোন দিয়া (১৩)-কে নিয়ে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এ সংক্রান্তে পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়। একইদিন তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দিপীকার পরিবারের পক্ষ থেকেও দুটি নিখোঁজ সাধারণ ডায়েরি করা হয়। এ ঘটনায় পল্লবী থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে শুক্রবার (০৫ জুন) দিবাগত রাত তিনটার দিকে মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান এলাকার একটি বাসা থেকে তিনজনকেই উদ্ধার করে। তিনি বলেন, আগারগাঁও তালতলা কলোনি সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী দিপীকা (বিজ্ঞান বিভাগ) ও মানহা হাসিব রাইসা (ব্যবসায় শিক্ষা বিভাগ) একে অপরের প্রতি গভীর আকর্ষণ অনুভব করতো। উভয় পরিবার এ বিষয়ে অবগত ছিল এবং তাদের দেখা-সাক্ষাৎ ও যোগাযোগে বাধা দিত। এ পরিস্থিতিতে পূর্বপরিকল্পনা অনুযায়ী দিপীকা গত সোমবার (০১ জুন) দুপুরে তার মাকে কোকের সাথে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে নগদ টাকা, স্বর্ণালংকার ও কাপড়-চোপড়সহ তার ছোট বোন দিয়াকে সাথে নিয়ে বেরিয়ে পড়ে। পরবর্তীতে মানহাকে নিয়ে সিএনজি যোগে মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান এলাকার একটি ভাড়া বাসায় উঠে বসবাস শুরু করে। উদ্ধারকৃত তিন কিশোরীকে তাদের স্ব-স্ব পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। |