|
আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু: কনস্টিটিউশন ওয়াচডগের উদ্বেগ
নতুন বার্তা, ঢাকা:
|
আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে সংবিধান বিষয়ক গবেষণা প্ল্যাটফর্ম কনস্টিটিউশন ওয়াচডগ। গত ২৭ মে ঢাকার এই হাসপাতালে ঘটনাটি ঘটে। আজ শুক্রবার এক বিবৃতিতে সংগঠনটি এই মৃত্যুকে শুধু চিকিৎসাগত বিপর্যয় হিসেবে না দেখে একটি গুরুতর সাংবিধানিক ও জনদায়বদ্ধতার প্রশ্ন হিসেবে চিহ্নিত করেছে।সংগঠনটি বিবৃতিতে বলেছে, প্রাথমিক তদন্ত ও গণমাধ্যমের প্রতিবেদনে হাসপাতালের নবজাতক পরিচর্যা কেন্দ্রে বেশ কিছু গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। এর মধ্যে রয়েছে অকার্যকর শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থা, অপর্যাপ্ত বায়ু চলাচল, ধারণক্ষমতার অতিরিক্ত রোগী, অক্সিজেন সংকট এবং কার্বন ডাই-অক্সাইডের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকার তথ্য। পাশাপাশি তদারকি ও জরুরি সেবা প্রদানে ব্যর্থতারও অভিযোগ রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর ইতিমধ্যে হাসপাতালের লাইসেন্স বাতিলের সম্ভাবনা নিয়ে একটি কারণ দর্শানো নোটিশ জারি করেছে। সংগঠনটি বলছে, এই পদক্ষেপ বিষয়টির গুরুত্ব এবং একটি স্বচ্ছ ও আইনসম্মত প্রক্রিয়ার প্রয়োজনীয়তাকেই তুলে ধরে। বিবৃতিতে সংবিধানের প্রাসঙ্গিক বিধানগুলোর কথা উল্লেখ করে বলা হয়েছে, ৩১ অনুচ্ছেদে আইনের আশ্রয়লাভের অধিকার নিশ্চিত করা হয়েছে এবং ৩২ অনুচ্ছেদে জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার সংরক্ষণ করা হয়েছে। এছাড়া ১৫ ও ১৮ অনুচ্ছেদে চিকিৎসা সেবা নিশ্চিত এবং জনস্বাস্থ্যের মান উন্নয়নে রাষ্ট্রের দায়িত্বের কথা বলা আছে। সংগঠনটি স্পষ্ট দাবি জানিয়েছে, ঘটনাটির স্বচ্ছ, নিরপেক্ষ ও আইনসম্মত তদন্ত হওয়া দরকার, সব প্রাসঙ্গিক চিকিৎসা ও প্রশাসনিক নথি সংরক্ষণ করতে হবে, তদন্তের ফলাফল জনসমক্ষে প্রকাশ করতে হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অধিকার ও মর্যাদার প্রতি পূর্ণ সম্মান দেখাতে হবে। কনস্টিটিউশন ওয়াচডগ স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছে, ছয় নবজাতকের এই মৃত্যুর বিষয়টি যেন স্বচ্ছতা, নিরপেক্ষতা ও যথাযথ আইনি প্রক্রিয়া মেনে গুরুত্বের সঙ্গে নিষ্পত্তি করা হয়। |