|
চার দিনের ব্যবধানে আবারও খোলপেটুয়া নদীতে জেলের জালে ৯ কেজির কোড়াল মাছ
সাতক্ষীরা প্রতিনিধি:
|
চার দিনের ব্যবধানে আবারও সাতক্ষীরার খোলপেটুয়া নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ৯ কেজি ওজনের একটি বড় কোড়াল মাছ।বৃহস্পতিবার (৪ জুন) মাছটি ধরেছেন আশাশুনি উপজেলার কাপসন্ডা গ্রামের বাসিন্দা রবিউল ইসলাম। রবিউল ইসলাম পেশায় একজন দিনমজুর। জীবিকার তাগিদে তিনি বছরের প্রায় ছয় মাস দেশের বিভিন্ন জেলায় কাজের সন্ধানে থাকেন। বছরের বাকি সময় তিনি খোলপেটুয়া নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। রবিউল ইসলাম জানান, ২০২৬ সালে খোলপেটুয়া নদী থেকে তিনি বেশ কয়েকটি বড় মাছ পেয়েছেন। এর মধ্যে গত ৩১ মে তার জালে ধরা পড়ে ১২ কেজি ওজনের একটি ভেটকি মাছ। এরপর ৪ জুন আবারও ধরা পড়ে ৯ কেজি ওজনের একটি কোড়াল মাছ। অল্প সময়ের ব্যবধানে দুটি বড় মাছ পাওয়ায় তিনি বেশ আনন্দিত। তিনি বলেন, “নদীতে মাছ ধরতে গিয়ে এমন বড় মাছ পাওয়া ভাগ্যের ব্যাপার। এবারও বড় মাছ পেয়ে খুব খুশি হয়েছি।” কাপসন্ডা বাজারের মৎস্য ব্যবসায়ী আমিরুল ইসলাম জানান, রবিউল ইসলাম প্রায়ই খোলপেটুয়া নদী থেকে ধরা মাছ তাদের আড়তে নিয়ে আসেন। সেখান থেকে মাছগুলো পাইকারি বিক্রি করা হয়। তিনি আরও জানান, “গতবার ধরা পড়া বড় মাছটি প্রতি কেজি ১ হাজার ১০০ টাকা দরে বিক্রি করা হয়েছিল। তবে এবার ধরা পড়া ৯ কেজির কোড়াল মাছটি প্রতি কেজি ১ হাজার টাকা দরে বিক্রি হয়েছে।” স্থানীয়দের মতে, খোলপেটুয়া নদীতে এখনও বড় আকারের দেশীয় মাছ পাওয়া যায়। মাঝে মধ্যেই জেলেদের জালে ধরা পড়া বড় মাছ স্থানীয় বাজারে ক্রেতাদের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। ধারাবাহিকভাবে বড় মাছ পাওয়ায় নদীকেন্দ্রিক জীবিকার সঙ্গে যুক্ত জেলেদের মাঝেও নতুন আশার সঞ্চার হয়েছে। উল্লেখ্য গত ৩১মে দিবাগত রাতে ফাঁস জালের মাধ্যমে ১২ কেজি ওজনের মাছটি ধরেন উপজেলার কাপসন্ডা গ্রামের জেলে রবিউল ইসলাম গাজী। বিরল আকারের এই মাছটি দেখতে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয় এবং মাছের আড়তে ভিড় জমে যায়। মাত্র চার দিনের ব্যবধানে আরেকটি মাছ পান তিনি। |