|
‘উড়াল পাখি’ আসছে পায়েলের কণ্ঠে
আব্দুন নুর নাহিদ:
|
সাজিয়া ইসলাম পায়েল তরুণ প্রজন্মের সংগীতশিল্পী। তাঁর ১০ম মৌলিক গান ‘উড়াল পাখি’ নিয়ে আসছেন সংগীতপ্রেমীদের সামনে। আজকে সন্ধ্যা ৭ টায় পায়েলের অফিসিয়াল ইউটিউব চ্যানেল (@gaanrajpayel)-এ গানটি ভিডিও আকারে প্রকাশ করা হবে। গানটিতে মডেল হয়েছেন পায়েল নিজেই।গানটির গীতিকার আরমান হোসেন, সুর করেছেন মশিউল আজম মন্টু চৌধুরী, শিল্পনির্দেশনায় রয়েছেন মোঃ আব্দুল মজিদ। গানটির মিউজিক কম্পোজিশনে ছিলেন পরিমল মন্ডল। পুরো প্রযোজনা ও পরিচালনায় ছিলো ডিজিটাল অ্যাডভার্টাইজিং ফার্ম ইনফিকো। প্রযোজনা সংশ্লিষ্টরা জানান, ‘উড়াল পাখি’ গানটি মূলত মানব মনের আবেগ, প্রেম, বিরহ এবং সম্পর্কের টানাপোড়েনকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। সহজ-সরল গ্রামীণ আবহের সঙ্গে আধুনিক সংগীতায়োজনের সমন্বয়ে গানটি সাজানো হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ভিডিও নির্মাতারা জানিয়েছেন, ভিজ্যুয়াল উপস্থাপনাকে এমনভাবে সাজানো হয়েছে যাতে গানটির প্রতিটি অনুভূতি দর্শকের কাছে আরও জীবন্ত হয়ে ওঠে। নদী, প্রকৃতি ও সাধারণ মানুষের জীবনধারাকে কেন্দ্র করে ভিডিওটি নির্মিত হয়েছে। শিল্পী পায়েল বলেন, “এই গানটি আমার নিজের গভীর অনুভূতির বহিঃপ্রকাশ। আশা করছি 'উড়াল পাখি' গানটি সবার ভালো লাগবে এবং দর্শকদের মনে জায়গা করে নিবে। সাজিয়া ইসলাম পায়েল ২০১৫ সালে চ্যানেল আই ক্ষুদে গানরাজের ফাইনাল রাউন্ডে সারাদেশের মধ্যে চতুর্থ স্থান অর্জন করেন। পায়েল শুধুমাত্র একজন প্রতিভাবান সংগীতশিল্পীই নন, তিনি শেকড় নামক একটি সামাজিক উদ্যোগের প্রতিষ্ঠাতা। যা বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য এবং নারীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে। |