/ শিক্ষা / ফেল থেকে পাস ৫ হাজার ৫৪৮, খাতা দেখায় গাফিলতির দায় নেবে কে?
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ
ফেল থেকে পাস ৫ হাজার ৫৪৮, খাতা দেখায় গাফিলতির দায় নেবে কে?
নতুন বার্তা, ঢাকা:
Published : Wednesday, 25 November, 2026 at 3:07 AM
ফেল থেকে পাস ৫ হাজার ৫৪৮, খাতা দেখায় গাফিলতির দায় নেবে কে?গত ৩০ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের পর অকৃতকার্য হওয়ার হতাশা নিয়ে দিন কাটছিল কিছু শিক্ষার্থীর। তিন সপ্তাহের মাথায় সোমবার (২৩ নভেম্বর) প্রকাশিত পুনর্নিরীক্ষণের ফলে সেই শিক্ষার্থীদের মধ্যে ৫ হাজার ৫৪৮ জন পাস করেছেন। ১ হাজার ৬২০ জন পেয়েছেন সর্বোচ্চ ফল জিপিএ-৫। মোট ২৩ হাজার ১৪৫ জন শিক্ষার্থীর ফলে পরিবর্তন এসেছে। পুনর্মূল্যয়নের পর ফলাফলের এ চিত্র প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে খাতা মূল্যায়নের গোটা পদ্ধতিকে।
সংশ্লিষ্টরা জানান, এবারই প্রথমবারের মতো প্রচলিত খাতা পুনর্নিরীক্ষণের পাশাপাশি ‘পুনর্মূল্যায়ন’ ব্যবস্থা চালু হয়। এখন অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের একটি বড় অংশের সংশোধিত ফলে পাস করার ঘটনায় সামনে এসেছে খাতা মূল্যায়ন ও ফলাফল প্রস্তুতের প্রক্রিয়ায় ত্রুটি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্ভাব্য দায়িত্বে অবহেলার বিষয়টি।
শিক্ষার্থীদের অভিভাবকরাও এ ব্যাপারে জানতে চান। তারা বলছেন, পরে যেহেতু ফল ভালো এসেছে, তার মানে প্রথমে কোনো না কোনো অবহেলা তো ছিল।
আবু তাহের নামে ঢাকা বোর্ডের এক অভিভাবক বলেন, একজন পরীক্ষকের সামান্য ভুলের কারণে একজন শিক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চয়তায় পড়তে পারে। তাই এ ধরনের ভুলের দায় এড়ানোর সুযোগ নেই। যারা দায়িত্বে ছিলেন তাদের কোনো গাফিলতি ছিল কি না তা দেখা দরকার। 
শিমু আখতার নামে আরেক অভিভাবক বলেন, পরীক্ষার ফল নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকেরা অনেক প্রত্যাশা নিয়ে অপেক্ষা করেন। পুনর্নিরীক্ষণে এত শিক্ষার্থীর ফল পরিবর্তনের ঘটনা উদ্বেগজনক। খাতা মূল্যায়নের সঙ্গে যুক্ত শিক্ষকদের আরও দায়িত্বশীল হওয়া উচিত।  
গত ৩০ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়। বিপুলসংখ্যক শিক্ষার্থী এতে অকৃতকার্য হন। ফলাফল নিয়ে হতাশা ও অনিশ্চয়তায় পড়া অনেক শিক্ষার্থী নিজেদের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেন। গতকাল সোমবার (২৩ নভেম্বর) প্রকাশিত সংশোধিত ফলে তাদের মধ্যে ৫ হাজারের বেশি শিক্ষার্থী ফেল থেকে পাস করেন। একই সঙ্গে নতুন করে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও বেড়েছে।
প্রশ্ন উঠেছে, উত্তরপত্র মূল্যায়নের দায়িত্বে থাকা প্রথম পরীক্ষক এবং তদারকির দায়িত্বে থাকা প্রধান পরীক্ষকের কাজের পরও কীভাবে এতসংখ্যক শিক্ষার্থীর ফল পরিবর্তনের পরিস্থিতি তৈরি হলো? নম্বর মূল্যায়ন, যোগফল নির্ধারণ কিংবা ফলাফল সংকলনের কোন পর্যায়ে ত্রুটি ছিল? এসব ভুলের দায় সংশ্লিষ্ট পরীক্ষক ও শিক্ষা বোর্ড কীভাবে নেবে? ভুল ফলাফলের কারণে শিক্ষার্থীদের যে মানসিক চাপ, সময়ের অপচয় ও শিক্ষাজীবনের অনিশ্চয়তা তৈরি হয়েছে, তার প্রতিকারই বা কী?
শিক্ষা বোর্ডের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, এবার মোট ২ লাখ ৯১ হাজার ২১১ জন শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেন। এসব উত্তরপত্র যাচাই শেষে ২৩ হাজার ১৪৫ জন শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে। আবেদনকারীর তুলনায় ফল পরিবর্তনের হার ৭ দশমিক ৯৫ শতাংশ। সংশোধিত ফলে ৫ হাজার ৫৪৮ জন ফেল থেকে পাস করেছেন এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬২০ জন। বাকি পরিবর্তনের মধ্যে রয়েছে অন্যান্য গ্রেড ও নম্বরের সংশোধন।
খোঁজ নিয়ে জানা গেছে, পাবলিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে পরীক্ষক ও প্রধান পরীক্ষকের পৃথক দায়িত্ব রয়েছে। প্রথমে পরীক্ষক নির্ধারিত নির্দেশনা অনুসরণ করে উত্তরপত্র মূল্যায়ন করেন এবং প্রাপ্ত নম্বর প্রদান করেন। এরপর প্রধান পরীক্ষক মূল্যায়নের মান তদারকি করেন এবং নির্ধারিত নিয়ম যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা যাচাই করেন। এ ছাড়া নম্বরের যোগফল, নম্বরপত্রে যথাযথভাবে নম্বর অন্তর্ভুক্ত করা এবং ফলাফল প্রস্তুতের বিভিন্ন ধাপে নির্ভুলতা নিশ্চিত করার দায়িত্বও সংশ্লিষ্ট ব্যক্তিদের। একাধিক পর্যায়ে যাচাই ও তদারকির ব্যবস্থা থাকার পরও পুনর্নিরীক্ষণে এতসংখ্যক শিক্ষার্থীর ফল পরিবর্তনের ঘটনা ওই ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে।
বোর্ড-সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগে পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে মূলত উত্তরপত্রে দেওয়া নম্বরের যোগফল, কোনো প্রশ্নের নম্বর বাদ পড়েছে কি না এবং নম্বর যথাযথভাবে লিপিবদ্ধ হয়েছে কি না, সেসব বিষয় যাচাই করা হতো। তবে বর্তমান সরকারের শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন দায়িত্ব নেওয়ার পর প্রচলিত পুনর্নিরীক্ষণ প্রক্রিয়ার পাশাপাশি উত্তরপত্র পুনর্মূল্যায়নের উদ্যোগ নেন। ফলে এবার শুধু নম্বরের যোগ-বিয়োগ বা সংকলনগত ত্রুটি যাচাইয়ের মধ্যেই প্রক্রিয়াটি সীমাবদ্ধ থাকেনি।
পুনর্নিরীক্ষণের পরিসংখ্যানে শিক্ষা বোর্ড ও শিক্ষাধারা ভেদে ফল পরিবর্তনের হারে বড় ব্যবধান দেখা গেছে। সাধারণ নয়টি শিক্ষা বোর্ডে মোট ২ লাখ ৬১ হাজার ৮৮৯ জন আবেদনকারীর ১০ লাখ ১৯ হাজার ৭৮০টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করা হয়। এতে ১৯ হাজার ৭১০ জন শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে। আবেদনকারীর তুলনায় পরিবর্তনের হার ৭ দশমিক ৫৩ শতাংশ। এসব বোর্ডে ফেল থেকে পাস করেছেন ৩ হাজার ১৮২ জন এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৪১১ জন। 
এদিকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে ১৭ হাজার ৪৪০ জন আবেদনকারীর ২৬ হাজার ৮০৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করে ২ হাজার ৩০৭ জনের ফলাফলে পরিবর্তন পাওয়া গেছে। আবেদনকারীর তুলনায় পরিবর্তনের হার ১৩ দশমিক ২৩ শতাংশ। এ বোর্ডে ফেল থেকে পাস করেছেন ২ হাজার ২২৪ জন, যা সব বোর্ড মিলিয়ে ফেল থেকে পাস করা শিক্ষার্থীর প্রায় ৪০ শতাংশ। তবে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩৮ জন। অন্যদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডে ১১ হাজার ৮৮২ জন আবেদনকারীর ৪০ হাজার ৮৩০টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করে ১ হাজার ১২৮ জনের ফলাফলে পরিবর্তন এসেছে। পরিবর্তনের হার ৯ দশমিক ৪৯ শতাংশ। এ বোর্ডে ফেল থেকে পাস করেছেন ১৪২ জন এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১৭১ জন। 
সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যেও ফল পরিবর্তনের হারে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। এ ক্ষেত্রে সবচেয়ে বেশি পরিবর্তন হয়েছে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে। বোর্ডটিতে ১৮ হাজার ৮৭০ জন আবেদনকারীর ৭১ হাজার ৭৬২টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করে ২ হাজার ৬৬৮ জনের ফলাফলে পরিবর্তন এসেছে। আবেদনকারীর তুলনায় পরিবর্তনের হার ১৪ দশমিক ১৪ শতাংশ। এ বোর্ডে ফেল থেকে পাস করেছেন ৬৫৪ জন এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২৭৪ জন। অর্থাৎ সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ময়মনসিংহে ফল পরিবর্তনের হার ও ফেল থেকে পাস করা শিক্ষার্থীর সংখ্যা—দুটিই সর্বোচ্চ। 
সাধারণ বোর্ডগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ফল পরিবর্তনের হার কুমিল্লা শিক্ষা বোর্ডে। সেখানে ২৫ হাজার ১৯৩ জন আবেদনকারীর ৯২ হাজার ৭৭৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করে ২ হাজার ৮১৩ জনের ফলাফলে পরিবর্তন এসেছে। পরিবর্তনের হার ১১ দশমিক ১৭ শতাংশ। এ বোর্ডে ফেল থেকে পাস করেছেন ৫০৭ জন এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১২০ জন। 
অন্যদিকে ঢাকা শিক্ষা বোর্ডে আবেদনকারীর সংখ্যা সবচেয়ে বেশি ছিল। এ বোর্ডে ৮১ হাজার ৭৯৪ জন শিক্ষার্থী ৩ লাখ ৩৫ হাজার ৮৮১টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন। যাচাই শেষে ৫ হাজার ৮৫৩ জনের ফলাফলে পরিবর্তন এসেছে, যা সব বোর্ডের মধ্যে সংখ্যার হিসাবে সর্বোচ্চ। তবে আবেদনকারীর তুলনায় পরিবর্তনের হার ৭ দশমিক ১৬ শতাংশ। ঢাকা বোর্ডে ফেল থেকে পাস করেছেন ৫৯২ জন এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৪৬৫ জন। সংখ্যার হিসাবে নতুন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর দিক থেকেও ঢাকা বোর্ড সবার ওপরে।
যশোর শিক্ষা বোর্ডে ২৬ হাজার ২৭৭ জন আবেদনকারীর ৯৭ হাজার ৬১৮টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করে ১ হাজার ৭৩৬ জনের ফলাফলে পরিবর্তন এসেছে। পরিবর্তনের হার ৬ দশমিক ৬১ শতাংশ। এ বোর্ডে ফেল থেকে পাস করেছেন ৩৫৭ জন এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১৬৩ জন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২৭ হাজার ১২৪ জন আবেদনকারীর ১ লাখ ১৭ হাজার ৭০০টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করে ২ হাজার ৪৩ জনের ফলাফল পরিবর্তিত হয়েছে। পরিবর্তনের হার ৭ দশমিক ৫৩ শতাংশ। সেখানে ফেল থেকে পাস করেছেন ২৫৮ জন এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১০১ জন।
দিনাজপুর শিক্ষা বোর্ডে ২৪ হাজার ৫৩১ জন আবেদনকারীর ৮৯ হাজার ৪২০টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করে ২ হাজার ৩৫ জনের ফলাফলে পরিবর্তন এসেছে। পরিবর্তনের হার ৮ দশমিক ৩০ শতাংশ। এ বোর্ডে ফেল থেকে পাস করেছেন ৪৭৮ জন এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১৩৪ জন। সিলেট শিক্ষা বোর্ডে ১৪ হাজার ৪৪৩ জন আবেদনকারীর ৫১ হাজার ২৪৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করে ১ হাজার ২৬৭ জনের ফলাফল পরিবর্তিত হয়েছে। পরিবর্তনের হার ৮ দশমিক ৭৭ শতাংশ। এখানে ফেল থেকে পাস করেছেন ২১১ জন এবং নতুন জিপিএ-৫ পেয়েছেন ৭৭ জন।
তবে বরিশাল ও রাজশাহী শিক্ষা বোর্ডে ফল পরিবর্তনের হার তুলনামূলক কম। বরিশাল বোর্ডে ১২ হাজার ২৯৩ জন আবেদনকারীর ৫৩ হাজার ৪০৯টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করে ৫২০ জনের ফলাফলে পরিবর্তন এসেছে। পরিবর্তনের হার ৪ দশমিক ২৩ শতাংশ। এ বোর্ডে ফেল থেকে পাস করেছেন ২১ জন এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২১ জন। সাধারণ বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে কম ফল পরিবর্তনের হার রাজশাহী বোর্ডে। সেখানে ৩১ হাজার ৩৬৪ জন আবেদনকারীর ১ লাখ ৯ হাজার ৯৭১টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করে ৭৭৫ জনের ফলাফলে পরিবর্তন এসেছে। পরিবর্তনের হার ২ দশমিক ৪৭ শতাংশ। এ বোর্ডে ফেল থেকে পাস করেছেন ১০৪ জন এবং নতুন জিপিএ-৫ পেয়েছেন ৫৬ জন।
পরিসংখ্যান অনুযায়ী, সাধারণ বোর্ডগুলোর মধ্যে সর্বোচ্চ ফল পরিবর্তনের হার ময়মনসিংহে ১৪ দশমিক ১৪ শতাংশ এবং সর্বনিম্ন রাজশাহীতে ২ দশমিক ৪৭ শতাংশ। দুই বোর্ডের মধ্যে এ হারের ব্যবধান প্রায় ছয় গুণ।

কারিগরিতে স্ক্যানিংয়ের ত্রুটিতে নম্বর পরিবর্তন বেশি   

এইচএসসি পরীক্ষায় কারিগরি শিক্ষা বোর্ডের ফল পরিবর্তনের বেশির ভাগই উত্তরপত্র স্ক্যান করার সময় যান্ত্রিক ত্রুটির কারণে হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিন। তিনি বলেন, ফল পরিবর্তনের ঘটনাকে বিপুলসংখ্যক বলা ঠিক হবে না। তবে মূল্যায়ন প্রক্রিয়ায় ভুল কমাতে শিক্ষকদের আরও সতর্ক ও সচেতন করার উদ্যোগ নেওয়া হবে।
প্রকৌশলী মো. রুহুল আমিন বলেন, অধিকাংশ ক্ষেত্রে উত্তরপত্র স্ক্যান করার সময় যান্ত্রিক ত্রুটির কারণে নম্বর পরিবর্তিত হয়েছে। স্ক্যানিংয়ের সময় যন্ত্রের সামান্য বিচ্যুতিতেও নম্বর সঠিকভাবে শনাক্ত না হওয়ার আশঙ্কা থাকে। এ ধরনের ত্রুটির কারণে কিছু উত্তরপত্রের নম্বর পরিবর্তন হয়েছে। তবে পুরো উত্তরপত্র মূল্যায়নে বড় ধরনের ভুলের ঘটনা খুবই কম।
মূল্যায়নপ্রক্রিয়ায় ভুলের বিষয়টি স্বীকার করে বোর্ড চেয়ারম্যান বলেন, মানুষের কাজে ভুল হতে পারে। এ ধরনের ভুল কমিয়ে আনতে শিক্ষকদের আরও সতর্ক ও সচেতন করা প্রয়োজন। এ লক্ষ্যে বিভাগভিত্তিক শিক্ষকদের নিয়ে সভা ও সেমিনার আয়োজনের পরিকল্পনা রয়েছে।
পরীক্ষার খাতা মূল্যায়ন পদ্ধতি নিয়ে রুহুল আমিন বলেন, গত ১৫ থেকে ২০ বছরে পাবলিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে বিভিন্ন ধরনের চর্চা ছিল। তবে বর্তমানে শিক্ষার্থীদের প্রকৃত যোগ্যতা অনুযায়ী নম্বর দেওয়ার বিষয়ে সরকার কঠোর অবস্থান নিয়েছে। মূল্যায়নপদ্ধতিতে এ পরিবর্তনের ফলে প্রাথমিক পর্যায়ে কিছু সমস্যা দেখা দিতে পারে। তবে ধীরে ধীরে এ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অস্বাভাবিক মনে করেন না বোর্ড চেয়ারম্যান

এইচএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণে বিপুলসংখ্যক শিক্ষার্থীর ফল পরিবর্তনের ঘটনাকে অস্বাভাবিক মনে করছেন না আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান। তিনি মনে করছেন, খাতা মূল্যায়নের ক্ষেত্রে পরীক্ষকভেদে নম্বরের কিছুটা পার্থক্য থাকতেই পারে। পুনর্নিরীক্ষণে যেসব পরিবর্তন হয়েছে, তার বড় অংশই মূলত ১৯-২০ নম্বরের ব্যবধানের কারণে দৃশ্যমান হয়েছে। তবে এসএসসির তুলনায় এইচএসসিতে ফল পরিবর্তনের ঘটনা কম ঘটেছে।
অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, একটি খাতা দুজন পরীক্ষক মূল্যায়ন করলে তাদের দেওয়া নম্বরের মধ্যে কিছুটা পার্থক্য থাকতে পারে। পুনর্নিরীক্ষণের সময় এই পার্থক্যগুলো সামনে আসায় ফলাফলে পরিবর্তন দেখা যাচ্ছে। এ ছাড়া পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তনের ঘটনা আগেও ঘটেছে, এটি নতুন কিছু নয়। অতীতেও এ ধরনের পরিবর্তনের নজির রয়েছে।
তবে ফল পরিবর্তনের ঘটনাকে পুরোপুরি স্বাভাবিক ধরে নিয়ে বসে থাকতে চায় না শিক্ষা বোর্ড। কোথাও অস্বাভাবিকভাবে নম্বর দেওয়ার ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন বোর্ড চেয়ারম্যান। এ জন্য সংশ্লিষ্ট পরীক্ষকদের চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হবে। 
অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, কোনো পরীক্ষকের মূল্যায়নে অস্বাভাবিকতা কিংবা দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

খাতা মূল্যায়নব্যবস্থায় পরীক্ষক বাছাই ও প্রশিক্ষণ জরুরি

ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ ও শিক্ষাবিদ অধ্যাপক আই. কে. সেলিম উল্লাহ খোন্দকার মনে করেন, এইচএসসির উত্তরপত্র মূল্যায়নে ভুলের পেছনে শিক্ষকদের প্রশিক্ষণের অভাব ও মূল্যায়ন প্রক্রিয়ার সীমাবদ্ধতা ভূমিকা রাখতে পারে। তার মতে, সৃজনশীল পদ্ধতিতে পাঠদান ও উত্তরপত্র মূল্যায়নের জন্য শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণ প্রয়োজন। কিন্তু গত ১০ থেকে ১৫ বছরে এ বিষয়ে পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়া হয়নি।
তিনি বলেন, সৃজনশীল পদ্ধতিতে প্রশ্নের ধরন, উত্তর লেখার কৌশল ও মূল্যায়নের নির্দিষ্ট মানদণ্ড রয়েছে। শিক্ষকেরা এ বিষয়ে প্রশিক্ষিত না হলে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের প্রস্তুত করা এবং উত্তরপত্র সঠিকভাবে মূল্যায়ন—দুটিই কঠিন হয়ে পড়ে। পাশাপাশি নির্দিষ্ট সময়ের মধ্যে বিপুলসংখ্যক খাতা দেখার চাপেও মূল্যায়নে ভুল হতে পারে।
এ ধরনের ভুল কমাতে যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে পরীক্ষক নির্বাচন, শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণ এবং প্রধান পরীক্ষকের তদারকি বাড়ানোর পরামর্শ দিয়ে অধ্যাপক সেলিম খোন্দকার বলেন, এ ক্ষেত্রে শুধু পরীক্ষককে দায়ী না করে মূল্যায়ন প্রক্রিয়ার সামগ্রিক সীমাবদ্ধতাও বিবেচনায় নিতে হবে। 
তবে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের সুযোগকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। কারণ, এর মাধ্যমে শিক্ষার্থীরা ফল নিয়ে আপত্তি জানানোর সুযোগ পাচ্ছেন। একই সঙ্গে এ ব্যবস্থা পরীক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের আরও সতর্কতার সঙ্গে খাতা মূল্যায়নে উৎসাহিত করবে বলেও মনে করেন তিনি।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
১
ফেল থেকে পাস ৫ হাজার ৫৪৮, খাতা দেখায় গাফিলতির দায় নেবে কে?
ফেল থেকে পাস ৫ হাজার ৫৪৮, খাতা দেখায় গাফিলতির দায় নেবে কে?
গত ৩০ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের পর অকৃতকার্য হওয়ার হতাশা নিয়ে দিন কাটছিল কিছু শিক্ষার্থীর। তিন সপ্তাহের মাথায় সোমবার (২৩ ...
২
নভেম্বরের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২৪২ কোটি ৮০ লাখ ডলার
নভেম্বরের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২৪২ কোটি ৮০ লাখ ডলার
চলতি নভেম্বর মাসের প্রথম ২৩ দিনে দেশে ২৪২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। গত বছরের একই ...
৩
ব্যারাকে ফেরেননি কারারক্ষী, কলেজছাত্রীকে নিয়ে রাত কাটালেন হাসপাতালের বারান্দায়
ব্যারাকে ফেরেননি কারারক্ষী, কলেজছাত্রীকে নিয়ে রাত কাটালেন হাসপাতালের বারান্দায়
ডিউটি শেষ হলেও কারাগারের ব্যারাকে ফেরেননি এক কারারক্ষী। বরং এক কলেজছাত্রীকে সঙ্গে নিয়ে রাত কাটিয়েছেন জয়পুরহাট জেনারেল হাসপাতালের বারান্দায়। তাদের ...
৪
আত্মার পবিত্রতা লাভে যে দোয়া পড়বেন
আত্মার পবিত্রতা লাভে যে দোয়া পড়বেন
মানুষের বাহ্যিক সৌন্দর্যের চেয়েও তার অন্তরের সৌন্দর্য ও আত্মার পবিত্রতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেননা মানুষের অন্তর পবিত্র হলে তার চিন্তা-চেতনা, ...
৫
সাফিয়া বিনতে হুয়াই (রা.): রাজকন্যা থেকে মহানবী (সা.)-এর প্রিয়তমা স্ত্রী
সাফিয়া বিনতে হুয়াই (রা.): রাজকন্যা থেকে মহানবী (সা.)-এর প্রিয়তমা স্ত্রী
উম্মুল মুমিনিন হজরত সাফিয়া বিনতে হুয়াই (রা.)। অভিজাত ইহুদি পরিবারে জন্ম নেওয়া এক মহীয়সী নারী।জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে তিনি রাসুলুল্লাহ ...
৫
নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ: হাসিনার সমর্থকদের সহিংসতায় চাপে বাংলাদেশ-ভারত সম্পর্ক
নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ: হাসিনার সমর্থকদের সহিংসতায় চাপে বাংলাদেশ-ভারত সম্পর্ক
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকদের সাম্প্রতিক সহিংসতায় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠেছে। একই সঙ্গে এ ঘটনাকে কেন্দ্র করে ...
৭
নরসিংদীতে ফলকে স্ত্রীর নাম থাকায় উদ্বোধন না করেই ফিরে গেলেন ঢাকা বিভাগীয় কমিশনার
নরসিংদীতে ফলকে স্ত্রীর নাম থাকায় উদ্বোধন না করেই ফিরে গেলেন ঢাকা বিভাগীয় কমিশনার
নরসিংদীর শিবপুরে ‘ঐতিহ্য’ নামক একটি স্থাপনার উদ্বোধনী নামফলকে নিজের নামের পাশে স্ত্রীর নাম দেখে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার ...
৮
খুলনায় গুলিতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা নিহত
খুলনায় গুলিতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা নিহত
খুলনার দৌলতপুরে গুলিবিদ্ধ হয়ে আবদুল হালিম নামের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন।   মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার ...
৯
জাতীয় গ্রিডে ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ, রূপপুরের আয় ৭ কোটি টাকা
জাতীয় গ্রিডে ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ, রূপপুরের আয় ৭ কোটি টাকা
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে দ্বিতীয় দফায় ৩০ ঘণ্টা সফলভাবে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে জাতীয় গ্রিডে। এই সময়ে প্রায় ...
১০
বোদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
বোদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পঞ্চগড়ের বোদায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনকে সামনে রেখে মঙ্গলবার (২৪ ...
 
১
অনুমোদন পেল তিন সেতু, প্রতিমন্ত্রী টুকুর হাত ধরে বদলে যাচ্ছে পশ্চিম টাঙ্গাইল
অনুমোদন পেল তিন সেতু, প্রতিমন্ত্রী টুকুর হাত ধরে বদলে যাচ্ছে পশ্চিম টাঙ্গাইল
দীর্ঘ পাঁচ দশকের অপেক্ষা, নদী পারাপারের দুর্ভোগ আর যোগাযোগ বিচ্ছিন্নতার অভিশাপ কাটতে যাচ্ছে টাঙ্গাইলের পশ্চিমাঞ্চলের মানুষের। ধলেশ্বরী নদীর ওপর ৬৫০ ...
২
মেধা অন্বেষণের লক্ষ্যে লক্ষ্মীপুর আইডিয়াল ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
মেধা অন্বেষণের লক্ষ্যে লক্ষ্মীপুর আইডিয়াল ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
লক্ষ্মীপুরে মেধা অন্বেষণের লক্ষ্যে হাজারও শিক্ষার্থীর অংশগ্রহণে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকালে লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড ...
৩
অপশক্তির বিরুদ্ধে জনগণই ঐক্যবদ্ধভাবে জবাব দেবে: প্রতিমন্ত্রী টুকু
অপশক্তির বিরুদ্ধে জনগণই ঐক্যবদ্ধভাবে জবাব দেবে: প্রতিমন্ত্রী টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জনগণের রায় নিয়ে আমরা আজ নির্বাচিত ...
৪
জুলাই আন্দোলনে সাংবাদিকদের হুমকি দিয়ে পোস্ট, সেই স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
জুলাই আন্দোলনে সাংবাদিকদের হুমকি দিয়ে পোস্ট, সেই স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের হুমকি দিয়েছিলেন লক্ষ্মীপুরের রায়পুর পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ...
৫
টাঙ্গাইল শহরে চার দোকানে দুর্ধর্ষ ডাকাতি, আহত ২
টাঙ্গাইল শহরে চার দোকানে দুর্ধর্ষ ডাকাতি, আহত ২
টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্র জেলা সদর রোডের বটতলা এলাকায় বুধবার (১৮ নভেম্বর) গভীর রাতে চারটি ব্যবসাপ্রতিষ্ঠানে ডাকাতি ও পাহারাদারদের ওপর হামলার ...
৫
বোদায় শিম ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ১ কৃষকের মৃত্যু
বোদায় শিম ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ১ কৃষকের মৃত্যু
পঞ্চগড়ের বোদায় নিজ শিম ক্ষেতে সেচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ধনঞ্জয় চন্দ্র (২৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।গত সোমবার (২৩ ...
৭
দেশজুড়ে নাশকতা ও সহিংসতা, কঠোর পদক্ষেপের পথে সরকার
দেশজুড়ে নাশকতা ও সহিংসতা, কঠোর পদক্ষেপের পথে সরকার
দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও সহিংসতা। রাজধানী থেকে শুরু করে ...
৮
কালিহাতীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
কালিহাতীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
টাঙ্গাইলের কালিহাতীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের ...
৯
ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার ঘোষণা, কী ভাবছে বিএনপি?
ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার ঘোষণা, কী ভাবছে বিএনপি?
ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তার এ ঘোষণা কেন্দ্র ...
১০
বোদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
বোদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পঞ্চগড়ের বোদায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনকে সামনে রেখে মঙ্গলবার (২৪ ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com