|
ব্র্যাক ইউনিভার্সিটির সিলভার জুবিলি পাবলিক লেকচার সিরিজে শেকসপিয়রের অনুবাদ নিয়ে আলোচনা
নতুন বার্তা, ঢাকা:
|
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি পাবলিক লেকচার সিরিজের দ্বিতীয় আয়োজন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, বিশ্ববিদ্যালয়ের ইংলিশ অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগ (ইএনএইচ) এই পাবলিক লেকচারের আয়োজন করে। এবারের বক্তা ছিলেন ইংল্যান্ডের পুরস্কারপ্রাপ্ত লেখক ও সাহিত্য অনুবাদক ড্যানিয়েল হান ওবিই। বিশ্ববিদ্যালয়ের ২৫ বছর পূর্তি উদ্যাপনের অংশ হিসেবে এই লেকচার সিরিজের আয়োজন করা হয়েছে।ড্যানিয়েল হান ‘ইফ দিস বি ম্যাজিক: দ্য আনলাইকলি আর্ট অব শেকসপিয়র ইন ট্রান্সলেশন’ শিরোনামে বক্তৃতা দেন। এটি ছিল তিন দিনব্যাপী একটি অনুবাদ কর্মশালার শেষ আয়োজন। কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব শিকাগোর সাউথ এশিয়ান লিটারেচার ইন ট্রান্সলেশন (সল্ট) এবং ব্র্যাক ইউনিভার্সিটির ইএনএইচ বিভাগ। এই কর্মশালায় বাংলাদেশের বিভিন্ন ভাষায় কাজ করা নবীন ও প্রবীণ অনুবাদকরা অংশ নেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইএনএইচ বিভাগের চেয়ারপারসন প্রফেসর ফিরদৌস আজিম। এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সাদাফ সাজ সিদ্দিকী, ট্রেজারার আরিফুল ইসলাম, সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চের (সিথ্রিইআর) উপদেষ্টা ড. আইনুন নিশাত এবং অফিস অব কমিউনিকেশন্সের ডিরেক্টর খায়রুল বাশার। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ কর্মশালায় অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। ড্যানিয়েল হান তার এ বছর প্রকাশিত ‘ইফ দিস বি ম্যাজিক’ নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, শেকসপিয়রের লেখার শক্তি ইংরেজি ভাষার নিজস্ব বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে। তাই অনুবাদের সময় লেখার অর্থের পাশাপাশি শব্দের ধ্বনি ও ছন্দও ধরে রাখা জরুরি। তিনি বলেন, অনুবাদের সময় শুধু লেখার অর্থ বুঝলেই হয় না। শব্দের ধ্বনি ও ছন্দের ছোট ছোট বিষয়ও খেয়াল রাখতে হয়। তিনি আরও বলেন, “ছন্দের প্রতিটি ছোট পরিবর্তন, প্রতিটি ছোট ধ্বনি বিশেষ একটি প্রভাব তৈরি করে।” এ বিষয় তিনি শেকসপিয়রের বিখ্যাত নাটক কিং লিয়ার এর শেষ বক্তৃতার উদাহরণ দেন। তিনি বলেন, ওই বক্তৃতার প্রায় সব শব্দই এক শব্দাংশে উচ্চারিত হয়। তিনি আরও বলেন, ইংরেজি ভাষায় এ ধরনের ছোট শব্দের সংখ্যা অন্য অনেক ভাষার তুলনায় বেশি। ফলে শেকসপিয়রের সংক্ষিপ্ত ও অর্থবহ পঙ্ক্তিগুলো অন্য ভাষায় অনুবাদ করা বেশ কঠিন হয়ে পড়ে। অনুবাদকে তিনি প্রত্যেক অনুবাদকের নিজস্ব ব্যাখ্যা ও উপলব্ধির প্রকাশ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, “পাঁচজন অনুবাদক যখন একই লেখা পাঁচভাবে অনুবাদ করেন, তখনই অনুবাদের প্রকৃত বিষয়টি সামনে আসে।” এখন কেন বিষয়টি গুরুত্বপূর্ণ বর্তমানে মেশিন ট্রান্সলেশনের মাধ্যমে এখন কয়েক সেকেন্ডেই এক ভাষার লেখা অন্য ভাষায় অনুবাদ করা সম্ভব। ফলে অনেকের কাছে মনে হতে পারে, অনুবাদের কাজটি এখন অনেকটাই সমাধান হয়ে গেছে। তবে হানের বক্তৃতায় অনুবাদ নিয়ে এই ধারণার ভিন্ন একটি দিক উঠে আসে। তিনি বলেন, একটি পঙ্ক্তির ছন্দ, শব্দের ধ্বনি এবং একজন অনুবাদকের সঙ্গে অন্যজনের শব্দ নির্বাচনের পার্থক্য রয়েছে। এসব বিষয়ে মানুষের বিচারবোধ ও সাংস্কৃতিক উপলব্ধি প্রয়োজন। যেসব বিষয় যন্ত্রের পক্ষে যথাযথভাবে তুলে ধরা কঠিন। প্রযুক্তির পাশাপাশি গণমাধ্যম, যোগাযোগ ও মানবিক বিদ্যার চর্চা করে এমন একটি বিশ্ববিদ্যালয়ের জন্য এই পার্থক্যটি গুরুত্বপূর্ণ। কৃত্রিম বুদ্ধিমত্তা অনুবাদের কাজে সহায়তা করতে পারে, কিন্তু সাহিত্যকে এক ভাষা থেকে অন্য ভাষায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে মানুষের নিজস্ব ব্যাখ্যা ও উপলব্ধির বিকল্প হতে পারে না। এই আয়োজন বাংলাদেশের অনুবাদকদের আন্তর্জাতিক পর্যায়ে যুক্ত হওয়ার সুযোগ তৈরি করেছে। সেই সাথে এটি মানবিক শিক্ষার চর্চা এবং বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করার ক্ষেত্রে ব্র্যাক ইউনিভার্সিটির আগ্রহকে তুলে ধরেছে। এই আয়োজন জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি-৪ (মানসম্মত শিক্ষা) ও এসডিজি-১৭ (অভীষ্ট অর্জনে অংশীদারত্ব) অর্জনে ভূমিকা রাখে। |