|
গোয়েন্দা নজরদারিতে বহু নেতা-কর্মকর্তা
নতুন বার্তা, ঢাকা:
|
সাম্প্রতিক সময়ে বাসে আগুন, ককটেল বিস্ফোরণসহ নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে সরকারের একটি গোয়েন্দা। একই সঙ্গে সরকারের ভেতরেই সরকারের জন্য অস্বস্তির কারণ হয়ে উঠেছেন এক শ্রেণির কর্মকর্তা।এ বিষয়ে তদন্ত শুরু করেছে গোয়েন্দা সংস্থাগুলো। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ, পদায়ন ও পদোন্নতিতে রাজনৈতিক সুবিধা পাওয়া অনেক কর্মকর্তা এখনো প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন তদন্তে গুরুত্ব দেওয়া হচ্ছে। তদন্ত মোকলেছুর রহমান নামে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সরকারি চাকরিতে যোগ দেওয়া এই কর্মকর্তাসহ আরো অনেকের বিরুদ্ধে তদন্ত চলছে বলে গতকাল এক গোয়ন্দা কর্মকর্তা বলেন। গোয়েন্দা সূত্র জানায়, পেশাগত ভূমিকার পাশাপাশি মোকলেছুর রহমানের রাজনৈতিক অঙ্গন ও পারিবারিক পরিচয় নিয়েও নানামুখী তথ্য ধরে চলছে তদন্ত। তার বাবা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। তিনি নিজেও ছাত্র জীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এখন পরিবারসহ তার কমান্ডের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। গোয়েন্দা সূত্র বলছে, তিনিসহ আরো অনেক কর্মকর্তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখা, কারো বিরুদ্ধে তথ্য সরবরাহ, আবার কারো বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে বর্তমান সরকারের সময়ও সুবিধাজনক অবস্থানে থাকার অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে মাঠ প্রশাসন থেকে সচিবালয় পর্যন্ত প্রশাসনের তিন শতাধিক কর্মকর্তাকে নজরদারিতে রেখেছে সরকার। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কিছু কর্মকর্তার ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তাদের কেউ কেউ সরকারের গুরুত্বপূর্ণ তথ্য বাইরে সরবরাহ করছেন, আবার কেউ কেউ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের নানাভাবে সহযোগিতা করছেন বলে পাওয়া অভিযোগের তদন্ত চলছে। সাম্প্রতিক কয়েকটি ঘটনা সরকারের এই উদ্বেগ বাড়িয়েছে। এর মধ্যে গত ১২ নভেম্বর চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোসের্র পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কাছে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগ প্রকাশ্যে আসে। এ ঘটনায় তার বিরুদ্ধে তদন্ত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার বিষয়টি আলোচনায় আসে। গত রবিবার গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রকাশ্যে মিছিল, সমাবেশ ও শোডাউন করেন। লগি-বৈঠা ও দেশীয় অস্ত্র নিয়ে মিছিলের পাশাপাশি বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হলেও তাঁদের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। সাম্প্রতিক সময়ে একের পর এক বাসে আগুন দেওয়া নিয়েও তদন্ত শুরু হয়েছে। গতকাল রাতেও মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। পুলিশ বলছে, রাজধানীতে ফের বাসে আগুন দেওয়ার ঘটনার নেপথ্যে জড়িতদের খোঁজ চলছে। তদন্ত চলছে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একাধিক টিমের অভিযানে সন্দেহভাজনদের বিরুদ্ধে তদন্ত চলছে। এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সময় সুবিধাভোগী অনেক শীর্ষ পর্যায়ের কর্মকর্তাও রয়েছে গোয়েন্দা নজরদারিতে। মিরপুরে ফের বাসে আগুন সোমবার সন্ধ্যায় রাজধানীর মিরপুর-১ নম্বরে ‘বসুমতি পরিবহনের’ একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, মিরপুর-১ নম্বরে বাসে আগুন লাগার খবর পেয়ে সেখানে দ্রুত দুটি ইউনিট পাঠানো হয়। পরে দ্রুত বাসের আগুন নিয়ন্ত্রণে আনা হয়। জানতে চাইলে শাহ আলী থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন বলেন, মিরপুর-১ এ সনি সিনেমা হলের সামনে বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এসময় স্থানীয় কিছু লোক ওই বাসের চালক ও হেলপারকে মারধর করে ঘটনার জন্য তাদের দায়ি করে। পরে তাদের উদ্ধার করা হয়। তবে বাসে আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৩২ নেতাকর্মী গ্রেপ্তার রাজধানীতে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৩২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য দেন। যশোরের সাবেক এমপি ঢাকায় গ্রেপ্তার যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. আজিজুল ইসলামকে রাজধানীর লালমাটিয়ার একটি বাসা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার রাজধানীতে অগ্নিসংযোগ ও নাশকতামূলক কর্মকাণ্ডে জনবল, রসদ ও অর্থের জোগান দেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের তিন নেতাকে গ্রেপ্তার করেছে ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)। তারা হলেন- নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা যুবলীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন দুলাল, আড়াইহাজার থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নয়ন ও আড়াইহাজার থানা শ্রমিক লীগের পরিবহন সম্পাদক মো. মাহবুব। গত রবিবার গভীর রাতে রাজধানীর ডেমরা ও যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান, ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন। রাজধানীতে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে আরো গ্রেপ্তার ৫২১ রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে ৪০টি মামলা দায়ের করা হয়েছে। সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য দেন। তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৪১ জন, লালবাগ বিভাগ ৪৪ জন, ওয়ারী বিভাগ ৭০ জন, মতিঝিল বিভাগ ৫৭ জন, তেজগাঁও বিভাগ ৬৩ জন, মিরপুর বিভাগ ১৫০ জন, গুলশান বিভাগ ৩৩ জন উত্তরা বিভাগ ৫৭ জন ও গোয়েন্দা বিভাগ ৬ জন রয়েছে। |