|
বোয়ালখালীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে এবার ব্যবসায়ীর মৃত্যু
এমরান কাদেরী, বোয়ালখালী, চট্টগ্রাম :
|
ডেঙ্গু আক্রান্ত হয়ে এবার মৃত্যু হয়েছে চট্টগ্রামের বোয়ালখালীর মোহাম্মদ ইসমাইল (৪২) নামের এক ব্যবসায়ীর। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।ইসমাইল বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ওলি আহমদ টিকের বাড়ির মৃত আজম আলীর ছেলে। তার এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে । তিনি নগরীর আন্দরকিল্লা এলাকার দোকানদার ছিলেন। তার স্ত্রী শাহনাজ পারভীন জানান, শনিবার দুপুর ২টার দিকে হঠাৎ পেটব্যথা শুরু হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর ১৫ দিন আগে ইসমাইল জ্বরে আক্রান্ত হন। চিকিৎসকের পরামর্শে রক্ত পরীক্ষা করালে তার ডেঙ্গু শনাক্ত হয়। চিকিৎসা গ্রহণের পর তিনি প্রায় সুস্থ হয়ে উঠেছিলেন। ইসমাইলের ভাতিজা মোহাম্মদ রবিউল হোসেন সুমন বলেন, রবিবার (২২ নভেম্বের) সকাল সাড়ে ১১টায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে শুক্রবার বোয়ালখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নুর হোসেন সওদাগরের বাড়ির আহম্মদ নবীর ছেলে কাতার প্রবাসী প্রকৌশলী নেজাম উদ্দিন পারভেজ (৩৪) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নগরীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান। তিনি নিজের মেয়েকে দেখতে দুই মাসের ছুটিতে দেশে এসেছিলেন। |