|
চাঁপাইনবাবগঞ্জে মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মেয়ের
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
|
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের করুণ মৃত্যু হয়েছে। রোববার (২২ নভেম্বর) সকালে উপজেলার মনাকষা ইউনিয়নের হাউজনগর এলাকায় মর্মান্তিক এই ঘটনা ঘটে।বিদ্যুৎস্পৃষ্টে নিহতরা হলেন, শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের হাউজনগর গ্রামের বকুল হোসেনের স্ত্রী মিলিয়ারা বেগম (৪৫) ও মেয়ে লিমা খাতুন (১৬)। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে বাড়ির সামনে স্থাপিত দোকানের গেট খুলতে গিয়ে নিরাপত্তার জন্য স্থাপিত বিদ্যুৎ সংযুক্ত লোহার রডে অসাবধানতাবশত হাত দিয়ে ফেলেন মিলিয়ারা বেগম। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হলে মাকে বাঁচাতে দৌড়ে গিয়ে তাকে স্পর্শ করলে মেয়ে লিমা খাতুনও বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় বাড়ির অন্যান্যদের চেঁচামিচিতে স্থানীয়রা দৌড়িয়ে এসে মা ও মেয়েকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ আলী মা ও মেয়েকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাউজনগরে মা ও মেয়ের বিদ্যুৎস্পৃষ্টের খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছিলো। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। |