|
এসএসসি পরীক্ষার ফলাফল জালিয়াতি, গ্রেফতার ৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা :
|
চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফল জালিয়াতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।রবিবার (২২ নভেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতারকৃতরা হলো- ফরহাদুল ইসলাম (২৯), শাহিদুল আলম জিসান (২৭) ও মো. আব্দুল মালেক (৫৬)। মো. ছুফি উল্লাহ বলেন, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল জালিয়াতির মাধ্যমে একজন পরীক্ষার্থীর ১১টি বিষয়ে প্রাপ্ত নম্বর অবৈধভাবে পরিবর্তন করে ফলাফল বাড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িত থাকায় গত ১৮ নভেম্বর চট্টগ্রামের পাঁচলাইশ থানা এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় জালিয়াতির সঙ্গে সংশ্লিষ্ট কম্পিউটার, ওএমআর শিট, মোবাইল ফোন, মূল পরীক্ষার উত্তরপত্রসহ মোট ৪৮০ পাতা গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করা হয়। তিনি জানান, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রস্তুত ও প্রকাশের প্রক্রিয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন একজন পরীক্ষার্থীর ফলাফল জালিয়াতির মাধ্যমে পরিবর্তন করা হয়। পরীক্ষার্থীর মূল উত্তরপত্রে প্রাপ্ত নম্বর, ই-টাইপে সংরক্ষিত নম্বর এবং প্রকাশিত কম্পিউটার ফলাফলের মধ্যে ব্যাপক অসংগতি পাওয়া যায়। ওই পরীক্ষার্থীর ১১টি বিষয়ে মূল মূল্যায়নে প্রাপ্ত নম্বরের তুলনায় প্রকাশিত ফলাফলে অস্বাভাবিকভাবে বেশি নম্বর প্রদর্শিত হয়েছিল। পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটি মূল উত্তরপত্র, নম্বরপত্র, ই-টাইপে সংরক্ষিত তথ্য এবং প্রকাশিত কম্পিউটার ফলাফল পর্যালোচনা করে। তদন্তে জালিয়াতির মাধ্যমে পরীক্ষার্থীর প্রকৃত ফলাফল পরিবর্তন করে অধিক নম্বর প্রদর্শনের বিষয়টি উঠে আসে। এ পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর ফলাফল স্থগিত রাখা হয় এবং তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর পক্ষে জবাব দাখিল করা হলেও তা সন্তোষজনক না হওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ থানায় মামলা করে। মামলা এজাহারে বলা হয়, পরীক্ষার ফলাফল প্রস্তুত কার্যক্রম স্ক্যানিং ও সলভিং সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তির তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছিল। তাদের জ্ঞাতসারে ও সার্বিক তত্ত্বাবধানে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর ফলাফল জালিয়াতির মাধ্যমে পরিবর্তন করা হয়। মো. ছুফি উল্লাহ জানান, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ ও মামলার তদন্তের মাধ্যমে এ জালিয়াতির সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তি, সহযোগী এবং নেপথ্যের পরিকল্পনাকারীদের শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে। পরীক্ষার ফলাফল প্রস্তুতকরণ ও প্রকাশের কারিগরি প্রক্রিয়ায় কীভাবে এ জালিয়াতি সংঘটিত হয়েছে, কারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত এবং এ ঘটনায় অন্য কেউ অবৈধ সুবিধা গ্রহণ করেছে কি না, তা অনুসন্ধান চলমান রয়েছে বলেও জানানো হয়। |