|
ক্ষমতা আঁকড়ে রাখতে এবার ভয়ংকর খেলায় মেতেছেন নেতানিয়াহু
নতুন বার্তা, ঢাকা:
|
ইসরায়েলের গত ২৭ অক্টোবরের নির্বাচনের পর থেকে বিরোধীদের বিরুদ্ধে একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছেন দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমনকি নির্বাচনের ফলাফলের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। দীর্ঘদিন ধরে ইসরায়েলের নেতৃত্ব দেয়া এই নেতা শেষ পর্যন্ত ক্ষমতা হারাতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে তা নির্ভর করছে বিরোধী শিবিরের নেতা গাদি আইজেনকট সরকার গঠনে সক্ষম হন কি না, তার ওপর।সরকার গঠনের জন্য আইজেনকটকে ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সমর্থন নিতে হতে পারে। আর এই সুযোগ কাজে লাগিয়ে আরব দলগুলোর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছেন নেতানিয়াহু। একই সঙ্গে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছেন তিনি। তবে এসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ হাজির করতে পারেননি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে আল-জাজিরা। নেতানিয়াহুর তৈরি করা রাজনৈতিক পরিবেশে উগ্র ডানপন্থী বিক্ষোভকারীরা গৃহযুদ্ধের হুমকি দিচ্ছেন। সমালোচকেরা অভিযোগ করছেন, ক্ষমতায় টিকে থাকতে ইরানের সঙ্গে ইচ্ছাকৃতভাবে যুদ্ধ পরিস্থিতি উসকে দেওয়ার চেষ্টা করেছেন তিনি। এদিকে নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী ডেভিড জিনির নেতৃত্বাধীন ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত পাঁচজন আরব আইনপ্রণেতার ফোনে আড়ি পাতার অনুমতি চেয়েছিল বলে খবর প্রকাশিত হয়েছে। বিদেশি হস্তক্ষেপের সন্দেহে তাঁদের ফোনে নজরদারি চালাতে চেয়েছিল সংস্থাটি। নির্বাচনের দিন ফিলিস্তিনি বংশোদ্ভূত ইসরায়েলি রাজনীতিকদের গ্রেপ্তারের অনুমতিও চাওয়া হয়েছিল। তবে অ্যাটর্নি জেনারেল এসব অনুরোধ প্রত্যাখ্যান করেন। বিরোধী নেতা ইয়ার লাপিদ এবং জয়েন্ট লিস্টের প্রধান ইউসেফ জাবারিনসহ অন্য নেতারা এসব পদক্ষেপকে ‘অভ্যুত্থানের চেষ্টা’ বলে অভিহিত করেছেন। অন্যদিকে, নির্বাচনের আগের রাতে ভোট কেনাবেচার অভিযোগ পুলিশকে জানানো হয়েছিল। এই অভিযোগের তথ্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেই সাজানো হয়েছিল কি না, তা তদন্ত করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা। বিশ্লেষক ও ইসরায়েলের কয়েকজন রাজনীতিকের মতে, নেতানিয়াহুর এসব পদক্ষেপের মূল লক্ষ্য ক্ষমতায় টিকে থাকা। তা সম্ভব না হলে এমন সরকার গঠন করা, যে সরকার তার ও তার মিত্রদের সমর্থনের ওপর নির্ভরশীল থাকবে। বড় ঝুঁকির মুখে নেতানিয়াহু নেতানিয়াহুর রাজনৈতিক উত্তরাধিকার এমনকি তার ব্যক্তিস্বাধীনতাও এখন বড় ধরনের হুমকির মুখে। প্রধানমন্ত্রী হিসেবে এত দিন যে প্রভাব ও ক্ষমতা ভোগ করেছেন, তা হারালে এসব হুমকির পরিণতি তার জন্য আরও সুদূরপ্রসারী হতে পারে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে হামলার আগে নেতানিয়াহু ও তার সরকারের ব্যর্থতা তদন্তে রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের দাবি উঠেছিল। গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ শুরুর পর থেকেই এ দাবি জানিয়ে আসছেন সমালোচকেরা। সম্প্রতি প্রকাশিত কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য হামলার বিষয়ে মিসর ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জ্যেষ্ঠ কর্মকর্তারা নেতানিয়াহুকে ব্যক্তিগতভাবে সতর্ক করেছিলেন। এসব প্রতিবেদন প্রকাশের পর তদন্ত কমিশন গঠনের দাবি আরও জোরালো হয়েছে। গত সপ্তাহে পার্লামেন্টের নতুন অধিবেশনের আইন প্রণয়নের তালিকাতেও বিষয়টি গুরুত্ব পেয়েছে। একইভাবে, গাজায় যুদ্ধ এবং সরকারের ওপর বিচার বিভাগের নজরদারি দুর্বল করতে নেতানিয়াহুর নেওয়া পদক্ষেপ থেকে তৈরি সাংবিধানিক সংকট তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থেকে মনোযোগ সরিয়ে রাখতে সহায়তা করেছে। ২০১৯ সাল থেকে তিনটি পৃথক মামলায় ঘুষ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগের মুখে রয়েছেন নেতানিয়াহু। ২০২০ সালের মে মাসে শুরু হওয়া তার বিচারকাজ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের কারণে বারবার পিছিয়েছে। দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে। লন্ডনের কিংস কলেজের ইসরায়েলি বিশ্লেষক আহরন ব্রেগম্যান বলেন, ‘নেতানিয়াহু এখন আহত পশুর মতো আচরণ করছেন। নির্বাচনে হেরে যাওয়া তার কাছে শুধু রাজনৈতিক বিষয় নয়, ব্যক্তিগত বিষয়ও। বিশেষ করে তার দুর্নীতির বিচার চলছে, যার পরিণতিতে তাঁকে কারাগারেও যেতে হতে পারে। প্রধানমন্ত্রিত্ব হারানো মানে তার সুরক্ষাকবচ হারানো। তাই নেতানিয়াহুর কাছে কোনো কিছুই এখন অসম্ভব নয়।’ ইসরায়েলে রাজনৈতিক সহিংসতার শঙ্কা নির্বাচনের পর ইসরায়েলে রাজনৈতিক সহিংসতার আশঙ্কা বেড়েছে। ভোটের পর কয়েক দিন ধরে ডানপন্থী বিক্ষোভকারীরা বিরোধী নেতা গাদি আইজেনকটের বাড়ির সামনে জড়ো হন। আরব দলগুলোর সঙ্গে সরকার গঠন না করতে তাঁকে সতর্ক করেন তারা। আইজেনকটকে ‘বিশ্বাসঘাতক’ বলেও স্লোগান দেন বিক্ষোভকারীরা। এদিকে প্রকাশ্যে আসা একটি চিঠিতে হাইফার ইহুদি ধর্মীয় আদালতের সাবেক প্রধান রাব্বি গেদালিয়া অ্যাক্সেলরড ‘দিন রোদেফ’ বা ‘ধাওয়া করার আইন’ নামের একটি ধর্মীয় বিধানের উল্লেখ করেছেন। ১৯৯৫ সালে ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী ইৎজাক রবিনকে হত্যার পক্ষে যুক্তি দেখাতে একই বিধান ব্যবহার করেছিলেন ঘাতক ইয়িগাল আমির। ফিলিস্তিনিদের সঙ্গে অসলো শান্তিচুক্তির বিরোধিতা করে তিনি রবিনকে হত্যা করেন। ফলে অ্যাক্সেলরডের চিঠিতে ওই বিধানের উল্লেখকে রাজনৈতিক সহিংসতার আশঙ্কা বাড়িয়ে দেওয়ার মতো ঘটনা হিসেবে দেখা হচ্ছে। বামপন্থী হাদাশ পার্টির সংসদ সদস্য ওফের কাসিফ বলেন, ‘আইজেনকটের সরকার গঠনে যত দেরি হবে, রাজনৈতিক সহিংসতার ঝুঁকি তত বাড়বে। ক্ষমতায় টিকে থাকতে নেতানিয়াহু যেকোনো কিছু করতে প্রস্তুত। আমি সত্যিই যেকোনো কিছুর কথা বলছি। ডানপন্থীদের মধ্যে গৃহযুদ্ধের কথা বলা হচ্ছে। আমি সেই আশঙ্কা উড়িয়ে দিতে পারছি না।’ তিনি আরও বলেন, ‘নেতানিয়াহু তাকে ঘিরে একধরনের ব্যক্তিপূজার সংস্কৃতি গড়ে তুলেছেন। তার প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে এই গোষ্ঠী সহজেই অস্ত্র হাতে তুলে নিতে পারে।’ নির্বাচনের বৈধতা ক্ষুণ্ন করার কথিত চেষ্টার জন্য নেতানিয়াহু তাৎক্ষণিকভাবে কোনো আইনি পরিণতির মুখে পড়বেন কি না, তা এখনো স্পষ্ট নয়। নির্বাচনের আগের রাতে পুলিশকে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে নেতানিয়াহুর সহযোগীদের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত হতে পারে। অন্যদিকে, গণতান্ত্রিক প্রক্রিয়া বানচালের চেষ্টায় অংশ নেওয়ার অভিযোগ প্রমাণিত হলে শিন বেতের প্রধান ডেভিড জিনির সংস্থার স্বাধীনতা এবং তার নিজের পদও বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে। যুক্তরাজ্যভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান চ্যাথাম হাউসের জ্যেষ্ঠ পরামর্শক ফেলো ইয়োসি মেকেলবার্গ বলেন, ‘নেতানিয়াহু নিজের টিকে থাকার জন্য লড়াই করছেন। এ জন্য তার আশপাশের সহযোগীরা বিপদে পড়লেও তিনি পরোয়া করেন না। তবে এবার তিনি সফল না-ও হতে পারেন।’ তিনি আরও বলেন, ‘সহযোগীদের পরিণতি কিংবা নিজের রাজনৈতিক উত্তরাধিকার—কোনো কিছু নিয়েই তার মাথাব্যথা নেই। তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ক্ষমতায় টিকে থাকা। প্রতিটি দিন ক্ষমতায় থাকার জন্য লড়াই করা এবং যেকোনো মূল্যে ক্ষমতা আঁকড়ে ধরে রাখা।’ |