|
পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পর ভারতের ৪ রাফায়েল উধাও: প্রতিবেদন
নতুন বার্তা, ঢাকা:
|
পাকিস্তানের সঙ্গে সামরিক সংঘাতের পর ভারতের বিমানবাহিনীর চারটি রাফায়েল যুদ্ধবিমানের হদিস পাওয়া যাচ্ছে না- এমন তথ্য উঠে এসেছে ব্রিটিশ সামরিক বিমানবিষয়ক প্রকাশনা ফ্লাইটগ্লোবালের সর্বশেষ প্রতিবেদনে। তবে এই তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দাবি, প্রতিবেদনটির তথ্য ভারতীয় বিমানবাহিনী বা প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া হয়নি।ফ্লাইটগ্লোবালের সর্বশেষ ওয়ার্ল্ড এয়ার ফোর্সেস ডিরেক্টরি অনুযায়ী, ভারতের বিমানবাহিনীর সক্রিয় রাফায়েল যুদ্ধবিমানের সংখ্যা ৩২। অথচ ফ্রান্স থেকে ভারত মোট ৩৬টি রাফায়েল যুদ্ধবিমান কিনেছিল। ফলে চারটি যুদ্ধবিমানের সংখ্যা কম দেখানো নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। আগের প্রতিবেদনে ছিল ৩৫টি রাফায়েল ফ্লাইটগ্লোবালের আগের সংস্করণে, ২০২৫ সালের নভেম্বর মাসে প্রকাশিত প্রতিবেদনে ভারতের সক্রিয় রাফায়েল যুদ্ধবিমানের সংখ্যা ৩৫টি উল্লেখ করা হয়েছিল। কিন্তু সর্বশেষ সংস্করণে সেই সংখ্যা কমিয়ে ৩২ করা হয়েছে। অর্থাৎ, আগের হিসাবের তুলনায় তিনটি এবং ভারতের কেনা মোট বিমানের তুলনায় চারটি কম দেখানো হয়েছে। ভারত ফ্রান্সের কাছ থেকে ৩৬টি রাফায়েল যুদ্ধবিমান কিনেছিল। এর মধ্যে ২৮টি এক আসনের ও আটটি দুই আসনের যুদ্ধবিমান। সর্বশেষ ডিরেক্টরিতে রাফায়েল ডিএইচ ও ইএইচ- দুই ধরনের বিমান মিলিয়ে সক্রিয় বহরে ৩২টি উল্লেখ করা হয়েছে। তবে কোন চারটি বিমান বাদ পড়েছে কিংবা কেন সংখ্যা কমানো হয়েছে, তার কোনো ব্যাখ্যা দেয়নি ফ্লাইটগ্লোবাল। পাকিস্তানের সঙ্গে সংঘাতের পর থেকেই প্রশ্ন ২০২৫ সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাতের পর ভারতের যুদ্ধবিমান হারানোর বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়। ওই সংঘাতের সময় পাকিস্তান দাবি করেছিল, ভারতের একাধিক যুদ্ধবিমান ভূপাতিত করেছে তারা। এর মধ্যে রাফায়েল যুদ্ধবিমানও ছিল বলে দাবি করে পাকিস্তান। ভারতীয় বিমানবাহিনী সংঘাতে বিমান হারানোর বিষয়টি স্বীকার করলেও কতটি এবং কোন ধরনের বিমান হারিয়েছে, তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। সে সময় ভারতীয় বিমানবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছিল, যুদ্ধে ক্ষয়ক্ষতি হওয়া স্বাভাবিক। তবে পাকিস্তানের চারটি রাফায়েল ভূপাতিত করার দাবির বিষয়ে ভারত আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। ফ্লাইটগ্লোবালের নতুন হিসাব প্রকাশের পর পাকিস্তানের সংবাদমাধ্যমেও বিষয়টি গুরুত্ব পেয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন দাবি করেছে, নতুন হিসাব তাদের আগের দাবিকে সমর্থন করছে। তবে ফ্লাইটগ্লোবালের প্রতিবেদনে চারটি রাফায়েল যুদ্ধবিমান সংঘাতে ধ্বংস হয়েছে- এমন কোনো তথ্য বা প্রমাণ দেওয়া হয়নি। প্রতিবেদনকে ‘ভিত্তিহীন’ বললেন সাবেক বিমানবাহিনী কর্মকর্তা ফ্লাইটগ্লোবালের এই হিসাব প্রত্যাখ্যান করেছেন ভারতের সাবেক বিমানবাহিনীর উপপ্রধান এয়ার মার্শাল নর্মদেশ্বর তিওয়ারি। তিনি প্রতিবেদনটির তথ্যসূত্রের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে একে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে মন্তব্য করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিওয়ারি ফ্লাইটগ্লোবালকে তাদের তথ্যসূত্র পুনর্মূল্যায়নের আহ্বান জানান। তিনি বলেন, আগেও একই সূত্র থেকে রাফায়েল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার দাবিতে নির্দিষ্ট কয়েকটি বিমানের সিরিয়াল নম্বর দেওয়া হয়েছিল। কিন্তু ওই নম্বরের বিমানগুলো পরবর্তী সময়ে বিভিন্ন মহড়া, এমনকি আন্তর্জাতিক মহড়াতেও অংশ নিয়েছে। ভারতের প্রথম নারী রাফায়েল পাইলট স্কোয়াড্রন লিডার শিবাঙ্গী সিংকে সংঘাতের সময় পাকিস্তানের হাতে বন্দি হওয়ার গুজবের কথাও উল্লেখ করেন তিনি। ওই দাবি পরে ভুল প্রমাণিত হয়েছিল। তিওয়ারির মতে, আগের এসব তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন থাকায় নতুন প্রতিবেদনটির তথ্যসূত্রও যাচাই করা উচিত। ৩৬টি বিমানের রক্ষণাবেক্ষণ চেয়ে দরপত্র ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারাও ফ্লাইটগ্লোবালের হিসাব নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের বক্তব্য, প্রতিবেদনে উল্লেখ করা তথ্য ভারতীয় বিমানবাহিনী বা প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে সরবরাহ করা হয়নি। এ ছাড়া ২০২৬ সালের জুনে ভারতীয় বিমানবাহিনী ৩৬টি রাফায়েল যুদ্ধবিমানের জন্য ‘ব্রিজ সাপোর্ট’ বা অন্তর্বর্তীকালীন কারিগরি সহায়তা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থা চেয়ে দরপত্র প্রকাশ করেছিল। প্রতিরক্ষা কর্মকর্তাদের মতে, এই দরপত্রও নতুন প্রতিবেদনের হিসাব নিয়ে প্রশ্ন তৈরি করছে। সামরিক বিমানবহরের তথ্য সংগ্রহকারী প্রতিষ্ঠান সিরিয়ামের তথ্য ব্যবহার করে ফ্লাইটগ্লোবালের ডিরেক্টরি তৈরি করা হয়েছে। উন্মুক্ত তথ্য, বিমান শনাক্তকরণ, ফ্লাইট-সংক্রান্ত রেকর্ড ও প্রতিরক্ষা বিষয়ে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের ভিত্তিতে সামরিক বিমানের বহর সম্পর্কে হিসাব করে প্রতিষ্ঠানটি। তবে কোনো বিমান মেরামত, রক্ষণাবেক্ষণ বা আধুনিকায়নের কাজে থাকলে সেটিকে সক্রিয় বহরের হিসাব থেকে বাদ দেওয়ার সম্ভাবনা থাকে। তবে ফ্লাইটগ্লোবালের সর্বশেষ প্রতিবেদনে ভারতের রাফায়েল বহরের সংখ্যা কমানোর সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। ফলে পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময় চারটি রাফায়েল যুদ্ধবিমান ধ্বংস হয়েছিল কি না, তা এই প্রতিবেদন থেকে নিশ্চিত হওয়ার সুযোগ নেই। সূত্র: দ্য হিন্দু, ইন্ডিয়া টুডে |