|
শীতের শুরুতে অকাল বৃষ্টিতে সাতক্ষীরায় ভোগান্তি; ফসল ও স্বাস্থ্যঝুঁকি নিয়ে শঙ্কা
সাতক্ষীরা প্রতিনিধি:
|
নভেম্বরের মাঝামাঝি সময়ে শীতের আমেজ শুরু হতেই সাতক্ষীরায় হঠাৎ বৃষ্টি জনজীবনে বড় ধরনের ছন্দপতন ঘটিয়েছে।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া এই বৃষ্টিতে খেটে খাওয়া দিনমজুর, ভ্যান ও রিকশাচালক থেকে শুরু করে স্কুল-কলেজের শিক্ষার্থী এবং কৃষকরা চরম বিপাকে পড়েছেন। সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন থাকায় এবং থেমে থেমে বৃষ্টি ঝরার কারণে শ্রমজীবী মানুষের স্বাভাবিক আয়-রোজগারে ভাটা পড়েছে। জীবিকার তাগিদে ঘর থেকে বের হলেও যাত্রী ও কাজের অভাবে ভ্যান-রিকশাচালক ও দিনমজুরদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাশাপাশি বৃষ্টির কারণে নিয়মিত ক্লাসে যাওয়া-আসায় ব্যাঘাত ঘটায় বিপাকে পড়েছেন বিভিন্ন স্তরের শিক্ষার্থীরা। অকাল এই বৃষ্টিতে পাকা আমন ধান কাটা ও সরিষা আবাদ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। তবে প্রথম দিনেই ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাব করা সম্ভব নয় বলে জানিয়েছে কৃষি বিভাগ। কলারোয়া এলাকার কৃষক গোলাম রসুল বলেন, ধান কাটব বলে প্রস্তুতি নিচ্ছিলাম, এমন সময় হঠাৎ বৃষ্টি শুরু হলো। জমিতে পানি জমে গেলে পাকা ধান ও সরিষার চারার ক্ষতি হবে; বৃষ্টি না থামা পর্যন্ত মাঠে নামা যাচ্ছে না। সাতক্ষীরা শহরের রাজার বাগান এলাকার গোপাল দাশ বলনে, সকাল থেকে বৃষ্টি থাকায় রাস্তায় যাত্রী কম, কাজও মিলছে না। সারাদিন ভিজে ভ্যান চালিয়ে বা কাজের খোঁজে ঘুরে যে আয় হলো, তাতে সংসারের খরচ চালানোই কঠিন হয়ে পড়েছে। সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা প্লাবনী সরকার বলেন, বৃষ্টি তো আজকে সকাল থেকেই মূলত শুরু হলো। একদিনেই তো ক্ষয়ক্ষতি নিরূপণ করা যায় না। কালকেও থাকবে, রবিবার পর্যন্ত থাকার একটা নির্দেশনা আমরা পেয়েছি। কিন্তু তারপরেও রোদ উঠে গেলে বা আবহাওয়া ভালো হয়ে গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ দুই দিনের আগে নিরূপণ করা যাবে না। তিনি আরও জানান, যারা লেট লাগিয়েছিল, তাদের ধান এখনো কাটা হয়নি। বৃষ্টিতে ধান কাটতে পারবে না, পরিপক্ক হতে একটু দেরি হবে। ঝড় না হলে খুব বেশি সমস্যা হবে না, তবে ঝড় হলে ধান গাছ নুয়ে পড়ে বীজ রাখা যায় না বা ধানের কোয়ালিটি নষ্ট হয়। আর সরিষার ক্ষেত্রে যারা ১৫-২০ দিন আগে লাগিয়েছিল, চারা হয়ে গেছে—সেখানে ৩৬ ঘণ্টা বা তার বেশি সময় পানি জমে থাকলে ক্ষয়ক্ষতির সম্ভাবনা বেশি। আপাতত কৃষকদের নালা কেটে জমি থেকে পানি অপসারণের পরামর্শ দিচ্ছি। সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে এদিন ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একটি ঝড়ের প্রভাবে এই বৃষ্টি হচ্ছে এবং তিন নম্বর সতর্কসংকেত আর বাড়বে না। আগামীকালও (শুক্রবার) হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে। বৃষ্টির প্রভাবে তাপমাত্রা কিছুটা কমলেও এখনই শীত খুব বেশি নামবে না; তাপমাত্রা ১৮-১৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। বিশেষজ্ঞদের মতে, অসময়ের বৃষ্টি ও স্যাঁতসেঁতে আবহাওয়ায় যেসব রোগের ঝুঁকি বাড়ে। নভেম্বরের মাঝামাঝি শীতের শুরুতে হঠাৎ বৃষ্টি এবং বাতাসের আর্দ্রতা ৯০ শতাংশের ওপরে উঠে যাওয়ায় পরিবেশ স্যাঁতসেঁতে হয়ে উঠেছে। চিকিৎসকদের মতে, দিন ও রাতের তাপমাত্রার আকস্মিক ওঠানামা রোগ প্রতিরোধ ক্ষমতার ওপর চাপ সৃষ্টি করে; ফলে ভাইরাস, ব্যাকটেরিয়া ও ছত্রাকজনিত বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ে। যে পরামর্শ দিলেন বিশেষজ্ঞরা: সর্দি-কাশি ও ভাইরাল জ্বর: হঠাৎ তাপমাত্রা কমে যাওয়া ও বৃষ্টিতে ভেজার কারণে রাইনোভাইরাস ও ইনফ্লুয়েঞ্জা ভাইরাস সক্রিয় হয়ে শ্বাসনালীর স্বাভাবিক প্রতিরোধ ক্ষমতা সাময়িকভাবে দুর্বল করে দেয়। এতে গলাব্যথা, নাক বন্ধ, হাঁচি-কাশি ও শরীর ব্যথাসহ ভাইরাল জ্বর হতে পারে। প্রতিরোধ: ভিজে গেলে দ্রুত ভেজা কাপড় বদলে শরীর মুছে শুকনো পোশাক পরুন। কুসুম গরম পানিতে লবণ দিয়ে গার্গল এবং আদা, তুলসী ও মধুর চা পান করা উপকারী। |