|
চাঁপাইনবাবগঞ্জে ৭ কেজি গাঁজা উদ্ধার, ভ্যানসহ তারিফ আটক
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
|
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরায় অভিযান পরিচালনা করে ৭ কেজি নিষিদ্ধ মাদক গাঁজা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে ঝিলিম ইউনিয়নের ধীনগর এলাকায় পরিচালিত অভিযানে এই মাদক উদ্ধার করে এসআরবি। এ সময় অভিযানে তারিফ নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত ব্যাটারী চালিত একটি অটো চার্জার ভ্যান জব্দ করে এসআরবি-৫। সন্ধ্যায় গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তীতে এইসব তথ্য নিশ্চিত করেছেন এসআরবি’র মিডিয়া সেল।আটক তারিফ (৩২) জেলার শিবগঞ্জ উপজেলার সতেরো রশিয়া চামাগ্রাম দুখুরমোড় এলাকার জেরিনা খাতুন ও আলমের ছেলে। এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে এসআরবি-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম জানান, ব্যাটারী চালিত অটো চার্জার ভ্যানে করে অবৈধ মাদকদ্রব্য রাজশাহী জেলার তানোর হতে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন নিয়ে আসার গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় জেলার সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা-চাঁপাইনবাবগঞ্জ পাকা রাস্তার আমনুরা ধীনগর মোড়ে অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে। এ সময় ব্যাটারি চালিত অটো চার্জার ভ্যানে থাকা একটি সাদা প্লাস্টিকের বস্তার ভেতর থেকে খাঁকি রংয়ের স্কচটেপে মোড়ানো ৪টি পোটলায় ২ লক্ষ ১০ হাজার টাকার ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদক পরিবহনে ব্যবহৃত অটো চার্জার ভ্যানসহ এর চালক মাদক ব্যবসায়ী তারিফকে আটক করা হয়। কোম্পানী কমান্ডার আরো জানান, ধৃত আসামি ও উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নবাবগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। |