|
আইবিএফবি বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায়ের একটি বিশ্বস্ত কণ্ঠস্বর: মার্কিন রাষ্ট্রদূত
নতুন বার্তা, ঢাকা:
|
ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) এর ২০তম বার্ষিক সাধারণ সভা (AGM) আজ ঢাকার গুলশানে অবস্থিত রেনেসাঁ হোটেলে অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের সভাপতি, সাবেক সভাপতিবৃন্দ, সহ-সভাপতিবৃন্দ, পরিচালনা পর্ষদের সদস্য এবং সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় সংগঠনের বিগত দিনের কার্যক্রম, আর্থিক বিষয়াবলি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা পর্যালোচনা করা হয়।অনুষ্ঠানের উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন (আইবিএফবি) এর সভাপতি মিসেস লুৎফুন্নিসা সৌদিয়া খান। স্বাগত বক্তব্যে তিনি নীতিনির্ধারণী সংলাপ জোরদার, ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের স্বার্থ ও অধিকার প্রতিনিধিত্বের ক্ষেত্রে (আইবিএফবি) -এর গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। অনুষ্ঠানে সম্মেলন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (PPRC) নির্বাহী চেয়ারম্যান এবং ব্র্যাক বাংলাদেশের চেয়ারপারসন ড. হোসেন জিল্লুর রহমান। তিনি “অর্থনৈতিক কর্মকাণ্ডের গণতন্ত্রীকরণ” (Democratization of Economic Activities) শীর্ষক বক্তব্য প্রদান করেন। তিনি বাংলাদেশের উন্নয়নের জন্য তিনটি গুরুত্বপূর্ণ সম্পদের কথা উল্লেখ করেন—দেশের কর্মক্ষম ও উদ্যমী জনগোষ্ঠী, তাদের উদ্ভাবনী সক্ষমতা এবং উদ্যোক্তা হওয়ার মানসিকতা। পাশাপাশি হয়রানি ও দুর্নীতিকে দেশের উন্নয়নের অন্যতম প্রধান প্রতিবন্ধকতা হিসেবে চিহ্নিত করেন। অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (IRI) প্রতিনিধি জন ফ্লুহার্টি উপস্থিত ছিলেন। তিনি (আইবিএফবি) -এর সঙ্গে অতীতের সহযোগিতার ধারাবাহিকতায় ভবিষ্যতেও যৌথ কর্মসূচি ও সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি, বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এইচ.ই. মি. ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা এবং ব্যবসায়িক সম্পৃক্ততা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি (আইবিএফবি) -কে বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায়ের একটি বিশ্বস্ত ও গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর হিসেবে অভিহিত করেন। বাংলাদেশ সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন (DFC)-এর অর্থায়ন সুবিধা পাওয়ার যোগ্যতা অর্জন করায় তিনি বিনিয়োগ বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে এর সম্ভাব্য সুফল তুলে ধরেন। বার্ষিক সাধারণ সভায় (আইবিএফবি) -এর দুই দশকের গৌরবময় পথচলা ও অর্জন নিয়েও আলোচনা করা হয়। এ সময়ে সংগঠনটির নীতিগত সংস্কার ও ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টিতে অ্যাডভোকেসি কার্যক্রম, সরকারি ও বেসরকারি খাতের বিভিন্ন অংশীজনের সঙ্গে সম্পৃক্ততা এবং বিনিয়োগ, বাণিজ্য ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার উদ্যোগগুলো বিশেষভাবে তুলে ধরা হয়। উদ্বোধনী অধিবেশনের সমাপনী পর্বে ধন্যবাদ জ্ঞাপন করেন (আইবিএফবি) -এর সাবেক সভাপতি হাফিজুর রহমান খান। |