|
নবাবগঞ্জ সরকারী কলেজের শিক্ষার্থী বহিষ্কারে অধ্যক্ষের নোটিশ, উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাবক
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
|
চাঁপাইনবাবগঞ্জের সর্বোচ্চ বিদ্যাপিঠ নবাবগঞ্জ সরকারী কলেজের ৩৫ জন শিক্ষার্থীকে বহিষ্কারের একটি নোটিশকে ঘিরে আলোচনা-সমালোচনার ঝড় শুরু হয়েছে জেলা জুড়ে। বুধবার (১১ নভেম্বর) কলেজের অধ্যক্ষ ড. মো. সেরাজ উদ্দীন স্বাক্ষরিত ওই নোটিশে নড়েচড়ে বসেছেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। এতে শিক্ষাজীবন নিয়ে শঙ্কায় রয়েছেন শিক্ষার্থীরা। তবে কলেজ পর্যায়ে ঝরে পড়া রোধ করতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান কলেজ কর্তৃপক্ষ।অকৃতকার্য হওয়া শিক্ষার্থীরা হলেন- কামরুজ্জামান, রুহন আলী, আবু বকর সিদ্দিক রিফাত, ওমর হাবিব, শওকত নুর, নুর, আরিফ মাহমুদ, শাহিন আলম, আলিফ ইসলাম, সিয়াম আলী, সুমাইয়া ইয়াসমিন, তামীম, রাফি হোসেন, আতিক হাসান রিফাত, মেহেদি হাসান, মেহেদী হাসান, সাগর আলী, মেহেদি হাসান, মাহফুজ আহমেদ, মসিউর রহমান রাহাত, সামিম বিশ্বাস, মেহেদি হাসান জিহাদ, নবি, মাহমুদ আক্তার হাবিব, নায়েম আলী, দুরন্ত মুর্মু, কামাল আলী, আল মুহিব জুনাইদ, আতিকুল রহমান, শরিফুল ইসলাম শাইফ, নাসিফ, সাহিদুজ্জামান, মাইনুল ইসলাম মঈন, গালিব হোসেন এবং শাহাদাত হোসেন। কিন্তু কি আছে ওই নোটিশে আর কেনইবা এমন সিদ্ধান্ত নিলেন অধ্যক্ষ। কলেজ সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণির ব্যবসায় শিক্ষা শাখায় অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে প্রাক-নির্বাচনি পরীক্ষায় অংশ নেয়া ৩৫ জন শিক্ষার্থীর উত্তরপত্র মূল্যায়নে ফলাফল খুবই খারাপ লক্ষ্য করা গেছে। মূল্যায়নে দেখা যায় ৩৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করলেও প্রাক-নির্বাচনী পরীক্ষায় তাদের কেও পাশ করেননি। এদিকে প্রাক-নির্বাচনি পরীক্ষায় একযোগে বিপুল সংখ্যক শিক্ষার্থীর উত্তরপত্র জমা না দেয়া অথবা পরীক্ষার খাতায় কোন উত্তর না লিখা কিংবা লিখেও শূন্য নম্বর পাওয়ার বিষয়টিকে সাদা খাতা জমা দেয়ার শামিল এবং শিক্ষার প্রতি অবহেলা ও সংবেদনশীল হিসেবে দেখছেন কলেজ প্রশাসন। আর তাই আগামী তিন কার্য দিবসের মধ্যে অধ্যক্ষের কার্যালয়ে সন্তোষজনক জবাব দিতে বলা হয়েছে শিক্ষার্থীদের। অন্যথায় কলেজ থেকে বহিষ্কারের পাশাপাশি শিক্ষাবোর্ডের সাথে নিজ দায়িত্বে যোগাযোগ করে টিসি নিয়ে অন্য কলেজে চলে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে ওই নোটিশে। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ ড. মো. সেরাজ উদ্দীন বলেন, নবাবগঞ্জ সরকারী কলেজ রাজশাহী বোর্ডের মধ্যে একটি নামকরা শিক্ষা প্রতিষ্ঠান। প্রতি বছরই এই কলেজ থেকে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করে সাফল্যের সাথে উত্তীর্ণ হন। কিন্তু প্রাক-নির্বাচনী পরীক্ষায় এমন আচরন ও ফলাফল আমাদের হতাশ করেছে। আর তাই কলেজের লেখাপড়ার মান বজায় রাখতেই এমন কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পরীক্ষার আগে শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক করা হলেও তারা পড়াশোনা করেনি। এই কারণে ফলাফল খারাপের ব্যাখ্যা চাওয়া হয়েছে। সন্তোষজনক জবাব না পেলে প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কার করা হবে। তিনি আরও বলেন, এসব শিক্ষার্থীকে কলেজে রাখার চেয়ে না রাখাই ভালো। তবে ৩৫ জনের মধ্যে অনেকেই উত্তরপত্রে কিছু লিখেছিল, কিন্তু মূল্যায়নে শূন্য নম্বর পেয়েছে। আর তাই এ নোটিশকে কেন্দ্র করে কলেজের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হলেও ২০২৬ সালের দ্বাদশ শ্রেণির প্রাক-নির্বাচনি পরীক্ষায় এমন ফলাফলে কঠোর অবস্থান নিয়েছে নবাবগঞ্জ সরকারি কলেজ কর্তৃপক্ষ। |