|
কালাইয়ে শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতন করতে শেকড়ের ব্যতিক্রমী উদ্যোগ
আব্দুন নুর নাহিদ, জয়পুরহাট প্রতিনিধি:
|
জয়পুরহাটের কালাইয়ে বয়ঃসন্ধিকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন, স্তন ক্যানসার এবং জরায়ুমুখের ক্যানসার সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১২ নভেম্বর সকাল ১০টায় জয়পুরহাটের কালাইয়ের স্কলার্স রেসিডেন্সিয়াল স্কুলে (ওমর কিন্ডারগার্টেন একাডেমি) এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।স্কলার্স রেসিডেন্সিয়াল স্কুলের আয়োজনে ও সামাজিক উদ্যোগ ‘শেকড়’-এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌস রিতু। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী ও ‘শেকড়’-এর প্রতিষ্ঠাতা সাজিয়া ইসলাম পায়েল। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘শেকড়’-এর সহ-প্রতিষ্ঠাতা আরমান হোসেন। আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক হাজেরা শিরিন, নিগার সুলতানা, শ্রাবনী মুরমু সহ অন্যান্য ব্যক্তিবর্গ। এ কর্মসূচিতে বয়ঃসন্ধিকালে কিশোরীদের শারীরিক ও মানসিক পরিবর্তন, মাসিককালীন স্বাস্থ্যবিধি, স্তন ক্যানসারের প্রাথমিক লক্ষণ, জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধ এবং প্রয়োজনীয় বিভিন্ন স্বাস্থ্যসচেতনতা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সচেতনতামূলক এ কার্যক্রমের প্রধান আলোচক ও শেকড়ের প্রতিষ্ঠাতা সাজিয়া ইসলাম পায়েল বলেন, “বয়ঃসন্ধিকাল মেয়েদের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে শারীরিক পরিবর্তন নিয়ে অনেক কিশোরীর মধ্যে ভয়, সংকোচ ও নানা ভুল ধারণা কাজ করে। পাশাপাশি স্তন ও জরায়ুমুখের ক্যানসার নিয়েও সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে। সঠিক সময়ে বিজ্ঞানভিত্তিক তথ্য ও সচেতনতা পৌঁছে দিতে পারলে কিশোরী ও নারীরা নিজেদের স্বাস্থ্য সুরক্ষায় আরও বেশি দায়িত্বশীল হতে পারবেন। সচেতনতামূলক কার্যক্রম শেষে স্কলার্স রেসিডেন্সিয়াল স্কুলের শিক্ষার্থীরা আবৃত্তি করেন এবং অনুষ্ঠানের প্রধান আলোচক ও সংগীতশিল্পী পায়েল এর গান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। |