|
চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায় অভিযানে ৪০টি ভারতীয় চোরাই মোবাইল উদ্ধার, যুবক আটক
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
|
চাঁপাইনবাবগঞ্জে ১১ লক্ষ ৪০ হাজার টাকার ৪০টি ভারতীয় চোরাই মোবাইল উদ্ধার করেছে মহানন্দা ব্যাটেলিয়ান ৫৯ বিজিবির সদস্যরা। রবিবার (৪ অক্টোবর) সকালে উপজেলার শিয়ালমারা সীমান্ত এলাকার একটি গ্রামে অভিযান পরিচালনা করে মোবাইল গুলো উদ্ধার করে বিজিবি। অভিযানে আপন হোসেন নামে এক চোরাকারবারিকে আটক করতে সক্ষম হয় বিজিবি। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।আটক আপন হোসেন (৩২) শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ এলাকার সালামপুর গ্রামের বাদল হোসেনের ছেলে। অধিনায়ক তাজুল ইসলাম চৌধুরী জানান, নিজস্ব গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের শিয়ালমারা বিওপির একটি টহল দল রবিবার সকাল ৭টায় সীমান্ত পিলার ১৮৫/২-এস হতে ২ কি. মি. বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের সোনাপুর গ্রামে অভিযান পরিচালনা করে। এই সময় সোনাপুর হতে কানসাট যাওয়ার পথে ৪০টি ভারতীয় চোরাই মোবাইল ফোন সহ আপন হোসেনকে আটক করতে সক্ষম হয় বিজিবি সদস্যরা। অধিনায়ক আরো জানান, আটক আপন হোসেনকে শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে এবং জব্দকৃত চোরাই মোবাইল গুলোর বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া বিজিবি সকল প্রকার চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে যা আগামীতেও অব্যাহত থাকবে। |