|
কালিহাতীতে ট্রাক চালক হত্যা আটক ২
কামরুল হাসান,টাঙ্গাইল প্রতিনিধি :
|
টাঙ্গাইলের কালিহাতীতে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে এক ট্রাক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।রোববার (৪ অক্টোবর) ভোরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ট্রাক চালক রাজীব হোসেন (২৯) লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ঠ্যাংজোড়া এলাকার আবুল হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, কুড়িগ্রাম থেকে পাথর বোঝাই ট্রাক নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন চালক রাজীব। এলেঙ্গা এলাকায় মহাসড়কের পাশে ট্রাক থামিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে নামেন তিনি। এ সময় কয়েকজন ছিনতাইকারী তার ওপর হামলা চালায়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলার সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীদের মধ্যে মিন্টু (৩২) নামে একজনকে আটক করে স্থানীয়রা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ সময় স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে অন্য ছিনতাইকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পুলিশ অভিযান চালিয়ে ফারুক নামে আরও একজনকে আটক করে। পুলিশের দাবি, ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় মিন্টু ও ফারুক নামে দুজনকে আটক করা হয়েছে। ঘটনার মূল কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। |