|
সাতক্ষীরায় দুই শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার উদ্বোধন
সাতক্ষীরা প্রতিনিধি:
|
সাতক্ষীরায় প্রায় দুই শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ফিতা কেটে ও বেলুন-ফেস্টুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ।উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা পৌরসভার সিইও মোঃ আসাদুজ্জামান এবং সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্তসহ অন্যান্য স্থানীয় কর্মকর্তা ও নেতৃবৃন্দ। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং সার্বিক প্রস্তুতির খোঁজখবর নেন। এবারের মেলায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কের পুরো এলাকা জুড়ে প্রায় ১৬০টিরও বেশি মনোহরি পণ্যের স্টল, লৌহজাত দ্রব্য, বাঁশ ও বেতের সামগ্রী, নাগরদোলা, শিশু ট্রেন, নৌকা এবং বিভিন্ন ঐতিহ্যবাহী মিষ্টির দোকান স্থান পেয়েছে। প্রাথমিক পর্যায়ে এই মেলা চলবে ২০ দিন ব্যাপী। মেলায় পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্নতা নিয়ে জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ বলেন, দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এই গুড়পুকুর মেলার উদ্বোধন হয়েছে, যা আগামী ২০ তারিখ পর্যন্ত চলবে। মেলায় শান্তিশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন, সিসি ক্যামেরা স্থাপন এবং ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে। পাশাপাশি মেলার পরিবেশ যেন নষ্ট না হয়, সে জন্য এবার একটি বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে—প্রতিটি স্টলে একটি করে আবশ্যিক ডাস্টবিন রাখার ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিন পৌরসভা কর্তৃপক্ষ এসব বিন থেকে ময়লা-আবর্জনা পরিষ্কার করবে। সাতক্ষীরাবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই সবান্ধবে এসে মেলার সুন্দর পরিবেশ বজায় রেখে উৎসব উপভোগ করুন। দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়ে জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম জানান, দর্শনার্থীরা যেন নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে মেলায় আসতে পারেন এবং এটিকে একটি ভালো বিনোদন কেন্দ্র হিসেবে উপভোগ করতে পারেন, সে জন্য জেলা পুলিশের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি চাঁদাবাজি ও জুঁয়া বন্ধে পুলিশের পক্ষ থেকে আগেই নেয়া হয়েছে কঠোর ব্যবস্থা। গোয়েন্দা নজরদারি, সাদা পোশাক ও ইউনিফর্মধারী পুলিশ মোতায়েন এবং ট্রাফিক ব্যবস্থাপনার সার্বিক পরিকল্পনা অনুযায়ী আমাদের সদস্যরা মাঠে কাজ করছেন। উল্লেখ্য, ২০০২ সালের ২৮ সেপ্টেম্বর মেলা চলাকালীন সার্কাস প্যান্ডেল ও শহরের রকসি সিনেমা হলে এক ভয়াবহ বোমা হামলায় ৩ জন নিহত ও অর্ধশতাধিক মানুষ আহত হন। সেই হৃদয়বিদারক ঘটনার পর থেকে দীর্ঘদিন মেলাটি তার চিরচেনা রূপ হারিয়ে ফেলেছিল। তবে দীর্ঘ বিরতির পর আবারও মেলা শুরু হওয়ায় মেলার বিক্রেতা ও আগত দর্শনার্থীদের মাঝে ব্যাপক আনন্দ ও উচ্ছাস লক্ষ্য করা গেছে। ঐতিহ্য অনুযায়ী প্রতি বছর ভাদ্র সংক্রান্তিতে গুড়পুকুর পাড়ে মনসা পূজা অনুষ্ঠিত হয়ে আসছে, যার ধারাবাহিকতায় সম্প্রতি প্রথা মেনে মনসা পূজা সম্পন্ন হওয়ার পরই এই মেলার আয়োজন করা হয়। |