|
চাঁপাইনবাবগঞ্জের শিয়ালমারা সীমান্তে ৩ লক্ষ টাকার ভারতীয় চোরাই মোবাইল উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ
|
চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহিন ১২টি চোরাই মোবাইল উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা। বৃহস্পতিবার সকালে জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামে অভিযান পরিচালনা করে মোবাইলগুলো উদ্ধার করে ৫৯ বিজিবি। বিষয়টি নিশ্চিত করেছেন মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়নের শিয়ালমারা বিওপি’র একটি চৌকষ টহল দল নায়েক সুশীল চাকমার নেতৃত্বে বৃহস্পতিবার সকাল পৌণে ১০টায় সীমান্ত পিলার ১৮৭/১০-এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের শিয়ালমারা পশ্চিমপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহিন অবস্থায় ৩ লক্ষ টাকা মূল্যের ১২টি বিভিন্ন মডেলের ভারতীয় চোরাই মোবাইল উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি। উদ্ধারকৃত মোবাইলগুলো যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে জমা রাখার বিষযে পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। |