|
মোহাম্মদপুর-মিরপুরে ডিএনসিসির উচ্ছেদ অভিযান, জরিমানা ১০ হাজার টাকা
নিজস্ব প্রতিবেদক,ঢাকা :
|
রাজধানীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে মোহাম্মদপুর থেকে মিরপুর-১ পর্যন্ত উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে পরিচালিত এ অভিযানে আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তায় ঢাকা মহানগর আনসার ব্যাটালিয়নের (৪১ বিএন) ৩০ সদস্য দায়িত্ব পালন করেন।সকাল আটটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে মোহাম্মদপুর কৃষি মার্কেট এলাকা থেকে অভিযান শুরু হয়। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকা, পাইকপাড়া হয়ে মিরপুর-১ সংলগ্ন এলাকা পর্যন্ত সড়ক ও ফুটপাতের দুই পাশে অভিযান চালানো হয়। অভিযানে অনুমোদনহীন বিজ্ঞাপনী বিলবোর্ড ও ইউনিপোল সাইন অপসারণ করা হয়। পাশাপাশি সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা বিভিন্ন দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান, স্থাপনা ও হকার উচ্ছেদ করা হয়। এ সময় উচ্ছেদ করা বিভিন্ন দোকানের মালামাল জব্দ করে ডিএনসিসি। অভিযানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তায় ৪১ বিএন-এর ৩০ জন আনসার সদস্য দায়িত্ব পালন করেন। তাঁদের মধ্যে ১০ জন ছিলেন সশস্ত্র। সার্কেল অ্যাডজুট্যান্ট মো. ইমাম মেহেদির নেতৃত্বে তাঁরা দায়িত্ব পালন করেন। এ ছাড়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ১৮ জন সদস্যও অভিযানে দায়িত্বে ছিলেন। অভিযান চলাকালে রাষ্ট্রীয় কাজে অসহযোগিতা ও বিশৃঙ্খল আচরণের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেন আনসার সদস্যরা। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকা এবং পাইকপাড়া-মিরপুর-১ সংলগ্ন এলাকা থেকে তাঁদের আটক করা হয়। পরে বিধি অনুযায়ী দুজনকেই পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আনসার ব্যাটালিয়নের সদস্যদের সহায়তা ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত কার্যক্রমে অভিযানটি শান্তিপূর্ণভাবে শেষ হয়। অভিযানের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল বলে জানিয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বাহিনীটির পক্ষ থেকে বলা হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা, সরকারি কার্যক্রমে নিরাপত্তা সহায়তা দেওয়া এবং নগরের সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন করছেন। |