|
ভাড়া নিয়ে দ্বন্দ্বে রিকশাচালককে পিটিয়ে জখম করলেন স্বেচ্ছাসেবক দল নেতা মাসুম
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
|
রাজধানীর বনানীতে ভাড়া নিয়ে বাকবিতণ্ডার জের ধরে রবিউল (৩৮) নামের এক রিকশাচালককে মারধর জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা মাসুমের বিরুদ্ধে। তিনি রাজধানীর বনানী থানাধীন ১৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব।শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে বনানী এলাকায় এ ঘটনা ঘটে। আহত রিকশাচালকের নাম রবিউল ইসলাম (৩৮)। তিনি কড়াইল বস্তির বাসিন্দা। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে বনানী এলাকায় রবিউলের রিকশার ভাড়া নিয়ে স্বেচ্ছাসেবক দল নেতা মাসুমের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে মাসুম রিকশাচালক রবিউলকে মারধর শুরু করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ড. তাহমিনা সুলতানা জানান, "শনিবার রাতে রিকশাচালক রবিউলকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। আমরা তাকে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দিয়েছি, বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত হলেওঝ পর্যবেক্ষণে রাখা হয়েছে।" এ বিষয়ে স্থানীয় এক ছাত্রদল নেতা নাজমুল খাঁন ফারহান ফেসবুক পোস্টে লিখেছেন, "আমাদের অনেক নেতা ক্ষমতার দাপটে আওয়ামী লীগের মতো আচরণ শুরু করেছে। মাসুমের এমন কান্ড দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।" ঘটনার ব্যাপারে জানতে অভিযুক্ত ১৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। অভিযোগ সংক্রান্ত বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, "এখন পর্যন্ত ভুক্তভোগী বা তার পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।" |