|
বিমানবন্দরে দুই ভারতীয়ের ট্রলি থেকে ৫ কেজি কুশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক,ঢাকা:
|
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫ কেজি ৪০ গ্রাম কুশ, ৩ লিটার বিদেশি মদ ও ২৪টি ভারতীয় শাড়িসহ দুই ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গতকাল সোমবার দুপুরে বিমানবন্দরের আগমনী হলের গ্রিন চ্যানেল থেকে তাঁদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত দুজন হলেন–ভারতের নর্থ ২৪ পরগনার বাসিন্দা সানাওয়ার আলী (৩৬) ও ইমতিয়াজ আহমেদ (৩৬)। সোমবার (২৪ আগস্ট) রাতে ডিএনসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ডিএনসি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল দুপুরে বিমানবন্দরের গ্রিন চ্যানেলে বিশেষ অভিযান চালানো হয়। ঢাকা মেট্রো (উত্তর) ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কার্যালয়ের সহকারী পরিচালক ড. মো. আবু সাঈদ মিয়ার নেতৃত্বে একটি দল এ অভিযান চালায়। ডিএনসির কর্মকর্তারা জানান, ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের টিজি-৩২১ ফ্লাইটে আসা সানাওয়ার আলী ও ইমতিয়াজ আহমেদকে সন্দেহ হলে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষী ও বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার সদস্যদের সামনে তাঁদের ট্রাভেল ট্রলি তল্লাশি করা হয়। এ সময় কাপড়ের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৫ কেজি ৪০ গ্রাম কুশ, ৩ লিটার বিদেশি মদ ও ২৪টি ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। অভিযানে তাঁদের কাছ থেকে দুটি ভারতীয় পাসপোর্ট, দুটি বোর্ডিং কার্ড ও চারটি স্মার্টফোন জব্দ করা হয়েছে। এ ছাড়া ৪০০ মার্কিন ডলার, ১ হাজার ১৭০ থাই বাথ ও ১ হাজার ১৭০ ভারতীয় রুপি জব্দ করা হয়। ডিএনসি জানিয়েছে, গ্রেফতার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে। ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শাহরিয়া শারমিন বাদী হয়ে মামলাটি করেন। ডিএনসি আরও জানিয়েছে, এ ঘটনায় তাদের কয়েকজন বাংলাদেশি সহযোগীকে শনাক্ত করা হয়েছে। তাদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের অভিযান অব্যাহত থাকবে। |