|
সাতক্ষীরায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে খতিয়ে দেখে ব্যবস্থা
সাতক্ষীরা প্রতিনিধি:
|
১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের স্মরণে সাতক্ষীরায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে সাতক্ষীরা বাইপাস সড়ক এলাকায় ছাত্রলীগের একাংশের উদ্যোগে এই মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটির নেতৃত্বে ছিলেন ছাত্রলীগ নেতা মৃণাল মন্ডল। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দুপুরে বাইপাস সড়ক এলাকা থেকে হঠাৎ করে ছাত্রলীগের নেতাকর্মীরা একত্রিত হয়ে একটি মিছিল বের করেন। মিছিলে তারা ১৫ আগস্ট ও শেখ হাসিনার প্রত্যাবর্তন সম্পর্কিত বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি সড়ক ধরে কিছু দূর অগ্রসর হওয়ার পর দ্রুত শেষ হয়ে যায়। এ বিষয়ে সাতক্ষীরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমান জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। তবে সংশ্লিষ্ট থানার ওসিকে খতিয়ে দেখার নির্দেশ দেয়া হয়েছে। ঘটনা সত্য হলে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর থেকে সাতক্ষীরা বাইপাস সড়ক ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। |