|
কালিহাতীতে বালু উত্তোলন ও নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান
কামরুল হাসান,টাঙ্গাইল প্রতিনিধি :
|
টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন এবং নিষিদ্ধ চায়না দুয়ারী জালের ব্যবহার বন্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে অর্থদণ্ডের পাশাপাশি বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) উপজেলার থানাঘাট, গোহালিয়াবাড়ি এবং কামাখা মোড়-সল্লা সংলগ্ন ঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার অভিযোগে তিনটি মামলায় মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা প্রশাসন জানায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী এসব অভিযান পরিচালনা করা হয়। নদী ও পরিবেশের ক্ষতি করে অনুমোদন ছাড়া বালু উত্তোলন কিংবা মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান রয়েছে। অভিযানের পাশাপাশি মাদক সেবনের অভিযোগেও ব্যবস্থা নেওয়া হয়। এ ঘটনায় তিনজনকে মোট ৩০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। তাদের মধ্যে দুজনকে সাত দিন করে এবং অপর একজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এদিকে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ২ হাজার ৫০০ মিটার চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে পরিবেশ ও জলজ প্রাণীর জন্য ক্ষতিকর এসব নিষিদ্ধ জাল প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার বলেন, অবৈধ বালু উত্তোলন, মাটি কাটা, মাদক সেবন এবং নিষিদ্ধ জালের ব্যবহার জনস্বার্থ ও পরিবেশের জন্য ক্ষতিকর। এসব কর্মকাণ্ড বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন লঙ্ঘন করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। |