|
জয়পুরহাটে শিশু-কিশোরদের মাঝে ফুটবল বিতরণ
আব্দুন নূর নাহিদ, জয়পুরহাট প্রতিনিধি:
|
মাদককে না বলি, সুস্থ-সুন্দর সমাজ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের জিন্দারপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ২৭টি গ্রামের শিশু-কিশোরদের মাঝে ১৫০টি ফুটবল বিতরণ করা হয়েছে।শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৫ টায় জিন্দারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদুল হক এর উদ্যোগে মোলামগাড়ীহাট বাজারে বিএনপির পার্টি অফিসের সামনে এ ফুটবল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করা এবং মাদক থেকে দূরে রাখার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়। ফুটবল পেয়ে শিশু-কিশোরদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। হাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনির শিক্ষার্থী ফরহাদ হোসেন,আরএম মডেলের শিক্ষার্থী মিনহাজ ও রাহাদ সাদিক শিক্ষার্থীরা বলেন, আমরা ফুটবল পেয়ে খুবই আনন্দিত। নিয়মিত খেলাধুলায় অংশ নেব এবং মাদক থেকে দূরে থাকব। শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করতে বিএনপির এ উদ্যোগকে আমরা স্বাগত জানাই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালাই উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সাবেক ছাত্রনেতা রেজ্জাকুল ইসলাম, কালাই থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবির, জিন্দারপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নওফেল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার শিশু-কিশোররা। বক্তারা বলেন, শিশু-কিশোরদের মাদকমুক্ত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তাদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব। |