|
আদালত থেকে ফেরার পথে সড়কে প্রাণ গেলো ২ বোনসহ ৩ জনের
খালেদ হোসেন টাপু , রামু:
|
রামু উপজেলার খুনিয়াপালংয়ে ট্রাক-সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন দুই বোনসহ ৩ জন। আহত হয়েছেন আরও ৩ জন। সোমবার, ২৭ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে খুনিয়াপালং ইউনিয়নের স্কুল পাহাড় এলাকায় টেকনাফ-কক্সবাজার সড়কে এ দূর্ঘটনা ঘটে।দূর্ঘটনায় নিহত দুই বোন হলেন উখিয়া উপজেলার হরিণমারা এলাকার জাফর আলমের মেয়ে রুবিনা আক্তার (৪০) ও শাহিনা আকতার (৩৮)। নিহত অপর ব্যক্তি একজন পুরুষ। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। রামু তুলাতলী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী দূর্ঘটনায় ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক একটি মামলার কাজে সকালে দুই বোন কক্সবাজার আদালতে গিয়েছিলেন। আদালতের কার্যক্রম শেষে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন তারা। পথে খুনিয়াপালংয়ের স্কুলপাহাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রী নিহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রুবিনা আক্তার ও শাহিনা আক্তারের মৃত্যু হয়। দুর্ঘটনার সময় চালকসহ অটোরিকশাটিতে মোট ছয়জন ছিলেন বলে জানা গেছে। রামু তুলাতলী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত জানান, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানের চালক ও তার সহকারী পালিয়ে যান। তবে দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান ও অটোরিকশাটি জব্দ করেছে পুলিশ। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নেয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। |