|
পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই : বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ
আব্দুন নুর নাহিদ, জয়পুরহাট প্রতিনিধি:
|
পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিটি মানুষ যদি বছরে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নেয়, তাহলে দেশ আরও সবুজ, নিরাপদ ও বাসযোগ্য হবে। সরকার টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সবুজায়ন কর্মসূচিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। শনিবার বিকাল ৪ টায় জয়পুরহাটের কালাই উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরে আয়োজিত তিন দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। তিনি আরও বলেন, একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমায়, জীববৈচিত্র্য রক্ষা করে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করে। তাই বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, এমপি। সভাপতিত্ব করেন জয়পুরহাটের জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া। বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, গাছ শুধু পরিবেশের ভারসাম্যই রক্ষা করে না, এটি মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি, খাদ্য নিরাপত্তা ও জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কৃষিভিত্তিক বাংলাদেশের প্রতিটি পরিবারকে ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে। সবুজ বাংলাদেশ গড়তে সরকারের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। শেষে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষ রোপণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। এর আগে, উপজেলার মাত্রাই ইউনিয়নের সমশিরা গ্রামে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ তাঁর নানা-নানির কবর জিয়ারত করেন। এ সময় প্রতিমন্ত্রী আব্দুল বারী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২৫ থেকে ২৭ জুলাই পর্যন্ত চলমান এ তিন দিনব্যাপী বৃক্ষমেলা উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হবে। |