|
সাতক্ষীরায় যানজট নিরসনে একগুচ্ছ উদ্যোগ
সাতক্ষীরা প্রতিনিধি:
|
সাতক্ষীরা জেলা শহরের দীর্ঘদিনের যানজট নিরসনে গঠিত উপ-কমিটির প্রথম সভা মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় বিভিন্ন স্বল্প ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ বাস্তবায়নের মাধ্যমে যানজট নিয়ন্ত্রণে আনার আশাবাদ ব্যক্ত করা হয়।অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, জেলা জামায়াতের আমির শহীদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ, বাস মালিক সমিতির সভাপতি আব্দুস সোবহান খোকন, সহসভাপতি খোরশেদ আলম আলী, ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহীন, ট্রাফিক পরিদর্শক (ইন্সপেক্টর) গৌরাঙ্গ পাল এবং সার্জেন্ট মুকুল হোসেনসহ সংশ্লিষ্টরা। সভায় জানানো হয়, পৌরসভার প্রবেশপথগুলোতে চেকপোস্ট স্থাপন করে অনুমোদনহীন ইজিবাইক শহরে প্রবেশ নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে বাঁকাল থেকে পাকাপোল মোড় পর্যন্ত সড়ক চার লেনে উন্নীত করার কাজ চলছে। এ ছাড়া আশাশুনি ও কালীগঞ্জগামী বাসগুলোকে শহরের ভেতরে অপ্রয়োজনীয়ভাবে দাঁড়িয়ে না থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। লাবসা বাইপাস এলাকায় বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের উদ্যোগও নেওয়া হয়েছে। সভায় আরও জানানো হয়, পৌরসভার অনুমোদিত ৯১৮টি ইজিবাইক ছাড়া অন্য ইজিবাইক ও মোটরভ্যান নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হচ্ছে। দিনের বেলায় ট্রাকের শহরের অভ্যন্তরীণ সড়কে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি ডে-নাইট কলেজ মোড় এবং সাতক্ষীরা সরকারি কলেজ সড়কের সংস্কারকাজ দ্রুত শেষ করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। সভায় অংশগ্রহণকারীরা বলেন, ঘোষিত পদক্ষেপগুলো কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে জেলা শহরের যানজট উল্লেখযোগ্যভাবে কমে আসবে। |