|
সীমান্তে একের পর এক বিস্ফোরণ, ১২ ভারতীয় সেনা হতাহত
নতুন বার্তা, ঢাকা:
|
গত এক সপ্তাহের মধ্যে জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখার (এলওসি) কাছে তিনটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই ভারতীয় সেনা নিহত এবং ১০ ভারতীয় সেনা আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ বিস্ফোরণে আহত হয়েছেন ৪ ভারতীয় সেনা। এর মধ্যে একজন জুনিয়র কমিশন্ড অফিসারও রয়েছেন। এর আগের দুটি ঘটনায় দুই সেনাসদস্য নিহত এবং আরও ছয়জন আহত হন। তবে সবশেষ বিস্ফোরণের প্রকৃতি এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে ভারতীয় সেনাবাহিনী এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। সেনাবাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা এনডিটিভিকে জানিয়েছেন, গত এক সপ্তাহে ঘটে যাওয়া তিনটি বিস্ফোরণই দুর্ঘটনাজনিত ছিল। প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সকালে রাজৌরি জেলার নওশেরা সেক্টরে এলওসি বরাবর টহল দেয়ার সময় সবশেষ বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত সেনাসদস্যদের উদ্ধার করে বিমানযোগে উদমপুরে সেনাবাহিনীর কমান্ড হাসপাতালে নেয়া হয়েছে। এর আগে ৯ জুন উরি সেক্টরের কামালকোট এলাকায় এলওসির কাছে একটি দুর্ঘটনাজনিত গ্রেনেড বিস্ফোরণে দুই সেনাসদস্য নিহত হন। নিহতরা হলেন- সোয়ার চাভান বিক্রম বালকৃষ্ণ এবং স্যাপার যাদব অর্জুন রাজেন্দ্র। এছাড়া ১২ জুন পুঞ্চ সেক্টরে এলওসির কাছে আরেকটি বিস্ফোরণে দুই সেনাসদস্য আহত হন। ওই বিস্ফোরণের প্রকৃতি নিয়েও পরস্পরবিরোধী তথ্য পাওয়া যায়, কারণ সেনাবাহিনী সে সময়ও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। গত রোববার পুঞ্চ জেলার মেনধার সেক্টরের বালাকোট এলাকায় এলওসি বরাবর গোলাগুলির খবরও পাওয়া যায়। এদিকে রাজৌরি জেলায় সন্দেহভাজন জঙ্গিগোষ্ঠীর সন্ধানে ‘অপারেশন শেরাওয়ালি’ নামে অভিযান গত তিন সপ্তাহ ধরে চলছে। |