|
এসবি’র পরিদর্শক তৈমুরের অকাল মৃত্যুতে পুলিশ অ্যাসোসিয়েশনের শোক
নিজস্ব প্রতিবেদক,ঢাকা:
|
বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ভিআইপি প্রটেকশন শাখায় কর্মরত পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) জহির উদ্দিন মোহাম্মদ তৈমুর আলী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।মঙ্গলবার (১৬ জুন) সকাল ১০টা ৪৪ মিনিটের দিকে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর। তিনি দীর্ঘদিন ধরে লিভারের ক্যান্সারে আক্রান্ত হয়ে দেশে ও বিদেশে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যাসন্তান, আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী ও সহকর্মী রেখে গেছেন। তৈমুর আলী খাগড়াছড়ি জেলার রামগড় থানার পাতাছড়াপাড়া গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ২০০৬ সালের ২৩ ফেব্রুয়ারি উপ-পরিদর্শক (এসআই) পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দীর্ঘ ২০ বছর ৩ মাস ২৪ দিনের গৌরবময় কর্মজীবনে তিনি ডিএমপি, ফেনী, বান্দরবান, সিলেট জেলা, পিবিআই ও হাইওয়ে পুলিশসহ বিভিন্ন ইউনিটে অত্যন্ত সততা, নিষ্ঠা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ ২০২৪ সালের ১৫ ডিসেম্বর তিনি স্পেশাল ব্রাঞ্চে (এসবি) যোগদান করেন এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত ভিআইপি প্রটেকশন শাখায় কর্মরত ছিলেন। পুলিশ পরিদর্শক জহির উদ্দিন মোহাম্মদ তৈমুর আলীর অকাল মৃত্যুতে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন গভীর শোক প্রকাশ করেছে। এক শোক বার্তায় অ্যাসোসিয়েশন জানায়, তিনি কর্মজীবনে যে দক্ষতা, পেশাদারিত্ব এবং মানবিকতার স্বাক্ষর রেখে গেছেন, তা বাংলাদেশ পুলিশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তার মতো একজন নিবেদিতপ্রাণ দেশপ্রেমিক পুলিশ কর্মকর্তাকে হারিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনী এবং অ্যাসোসিয়েশন গভীরভাবে শোকাহত। বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের সকল সদস্য মরহুম জহির উদ্দিন মোহাম্মদ তৈমুর আলীর শোকসন্তপ্ত পরিবারের পাশে রয়েছে এবং তাদের যেকোনো প্রয়োজনে সর্বদা পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছে। |