|
বনানীতে আওয়ামী লীগ নেতাকর্মীদের সামাজিক মাধ্যমে সক্রিয়তা নিয়ে আলোচনা
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
|
রাজনৈতিক পটপরিবর্তনের পর অনেক আওয়ামী লীগ নেতাকর্মী প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির কিছু নেতাকর্মীর সক্রিয়তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যে বনানী এলাকার যুবলীগ নেতা হিসেবে পরিচিত ইমরান হোসেন বাবুর ফেসবুক কার্যক্রম নিয়ে বিভিন্ন মহলে আলোচনা দেখা যাচ্ছে।সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত বিভিন্ন রাজনৈতিক পোস্ট দেওয়ার পাশাপাশি তিনি আওয়ামী লীগের পক্ষে অবস্থান তুলে ধরছেন বলে অভিযোগ রয়েছে। সমালোচকদের দাবি, তার কিছু পোস্টে বিতর্কিত বক্তব্য ও রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি কটাক্ষও রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে তার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। সম্প্রতি একটি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত একটি পোস্টে ইমরান হোসেন বাবুকে "ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বনানী থানার অন্তর্গত ২০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী" হিসেবে উল্লেখ করা হয়। পরবর্তীতে ওই পোস্টটি নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন তিনি। এর পর থেকেই স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। স্থানীয় সূত্রগুলোর দাবি, ইমরান হোসেন বাবু অতীতে বনানী থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেনের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একাধিক পোস্টে তিনি আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি নিয়েও মন্তব্য করেছেন। একটি পোস্টে তিনি দাবি করেন, দলের সভাপতি শেখ হাসিনা একদিন "মাথা উঁচু করেই দেশে ফিরবেন"। এদিকে বনানী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজ মিরাজের ফেসবুক অ্যাকাউন্ট দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার পর সম্প্রতি আবার সক্রিয় হয়েছে বলে দেখা গেছে। তিনি নিয়মিত সমসাময়িক বিষয় নিয়ে মতামত প্রকাশ করছেন এবং বিভিন্ন রাজনৈতিক বিষয়ে মন্তব্য করছেন। তবে তিনি বর্তমানে কোথায় অবস্থান করছেন, সে বিষয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সরাসরি মাঠের রাজনীতির চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমকে অনেক নেতাকর্মী নিজেদের মতামত প্রকাশের মাধ্যম হিসেবে ব্যবহার করছেন। ফলে অনলাইন কার্যক্রম ও রাজনৈতিক বার্তাগুলোও এখন জনআলোচনার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে। প্রতিবেদন প্রকাশের আগে ইমরান হোসেন বাবু, মাহফুজ মিরাজ এবং সংশ্লিষ্ট রাজনৈতিক নেতাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাদের মন্তব্য পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে যুক্ত করা হবে। |