|
চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতাকে ছাত্রদল নেতা বানিয়ে বহিষ্কারের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ
|
বিএনপির এক নেতাকে ছাত্রদলের নেতা বানিয়ে বহিষ্কারের অভিযোগ উঠেছে চাঁপাইনবাবগঞ্জে। মঙ্গলবার দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতারা।এ সময় লিখিত বক্তব্যে নবাবগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জসিম উদ্দিন বলেন, সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ার অভিযোগে গত ৬ ফেব্রুয়ারি দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার করেন কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম। এদের একজন স্থানীয় ওয়ার্ড বিএনপির সহ-সম্পাদক মুন্না। ছাত্রদলের কোন কমিটিতেই তার নাম না থাকলেও তাকে ছাত্রদলের নেতা বানিয়ে বহিষ্কার করা হয়েছে। এছাড়া ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণও করেননি তিনি। এ বিষয়ে ভুক্তভোগী বিএনপি নেতা মুন্না বলেন, জমিজমা বিক্রি করে রাজনীতিতে এসেছি। দীর্ঘ ১৭ বছরে ১৭টি মামলায় ৬ বার কারাভোগ করেছি। গুম ও নির্যাতনের শিকার হয়েছি। কিন্তু কখনো বিএনপির আদর্শ থেকে বিচ্যুত হয়নি। আর তাই এসব বিভ্রান্তি নিরসনে কেন্দ্রীয় কমিটির বহিস্কারাদেশ পূন:বিবেচনার আবেদন জানান তিনি। সংবাদ সম্মেলনে এ সময় অন্যান্যের মধ্যে স্থানীয় ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি গোলাম মোস্তফা, ওয়ার্ড বিএনপির সভাপতি দুরুল হোদা, স্থানীয় যুবদল সভাপতি ইয়াসিন আলীসহ বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। |