|
পঞ্চগড় জেলা সমিতি ঢাকার আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কুয়েল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ
|
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় টিএসসি কমিউনিটি হল-২, (২য় তলা) মিলনায়তনে ঢাকায় অবস্থানরত পঞ্চগড় জেলার সকল শ্রেণি-পেশার মানুষকে নিয়ে ইফতার মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের সর্ব উত্তরের হিমালয়কন্যা খ্যাত এই জেলাটির বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। দলমত নির্বিশেষে সকলের অংশগ্রহণে ইফতার মাহফিল পরিণত হয় পঞ্চগড়বাসীর মিলনমেলায়।শনিবার (৭ ই মার্চ) ঢাকাস্থ পঞ্চগড় জেলা সমিতির আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্পীকার ও অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দীন সরকার। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড় -২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ এমপি ও পঞ্চগড় -১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় -১ সাবেক সাংসদ নাজমুল হক প্রধান, এনসিপির মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম, জাগপার সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রাধান ও আমির পঞ্চগড় জামায়াতে ইসলাম মাওলানা ইকবাল হোসেন। সংবর্ধিত অতিথির বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, সারাদেশেই পঞ্চগড়ের মানুষ সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে। পঞ্চগড় জেলা সমিতি ঢাকাস্থ পঞ্চগড়ের সকল মানুষের মধ্যে চমৎকার সেতুবন্ধন তৈরি করেছে। এখানে সকল দলমতের মানুষ এক মঞ্চে দেখে বেশ ভালো লাগছে। আমরা ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল করতে পারি। কিন্তু দিন শেষে আমরা পঞ্চগড়ের মানুষ- এই হোক আমাদের পরিচয়। পঞ্চগড় জেলা সমিতির ঢাকাস্থ সাধারণ সম্পাদক কৃষিবিদ ড. মো. আব্দুর রহমান বলেন, আমাদের প্রথম পরিচয় আমরা পঞ্চগড়ের মানুষ। সবাইকে নিয়ে একসঙ্গে পঞ্চগড়ের উন্নয়নে আমরা কাজ করব। সেইসঙ্গে পঞ্চগড়ের সকল শ্রেণি-পেশার মানুষের মধ্যে ভাতৃত্বের সেতুবন্ধন তৈরিতে জেলা সমিতি কাজ করে যাবে। সভায় সভাপতিত্ব করেন পঞ্চগড় জেলা সমিতির ঢাকাস্থ সভাপতি মাহবুবুর রহমান ফারুকী। এ সময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য ইকবাল বাশার বাবু, মীর আমির হোসেন আমু, দীপঙ্কর সাহা সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ, সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ইফতার ও দোয়া অনুষ্ঠানের পূর্বে পঞ্চগড় জেলার দুই কৃতি সন্তান ও নবনির্বাচিত সংসদ সদস্য সংসদ সদস্য এমপিকে বিশেষ সংবর্ধণা দেন ঢাকাস্থ পঞ্চগড় জেলা সমিতি। |