|
গ্রেপ্তারের পর ‘দাদা এমদাদের’ পুরনো দুর্নীতি নতুন করে আলোচনায়
নতুন বার্তা, ঢাকা:
|
সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী এবং নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) এমদাদুল হক ওরফে ‘দাদা এমদাদ’-কে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তারের পর তাকে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আদালতে পাঠানো হয়েছে। তার গ্রেপ্তারের মধ্য দিয়ে বিগত সময়ে গণমাধ্যমে প্রকাশিত নানা দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। প্রায় ১৩ বছর এপিএস হিসেবে দায়িত্ব পালনকালে সরকারি বেতনে তার বৈধ আয় এক কোটি টাকার সামান্য বেশি হওয়ার কথা থাকলেও তিনি শতকোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পদ গড়ে তোলেন। এর মধ্যে নিজ জন্মস্থান সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রায় শতকোটি টাকার জমি, দোকান ও ভবন এবং রাজধানীর দক্ষিণ বনশ্রী ও উত্তর বাসাবো এলাকায় একাধিক বাড়ি ও বিলাসবহুল ফ্ল্যাটের তথ্য উঠে আসে। পাশাপাশি ‘রিমঝিম আবাসন’-এ ১৫ শতাংশ শেয়ার এবং রূপগঞ্জের বিভিন্ন আবাসন প্রকল্পে নামে-বেনামে প্লট নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। অনুসন্ধানে তার বিরুদ্ধে ওঠা অন্যান্য গুরুতর অভিযোগগুলোর মধ্যে ছিল—রূপগঞ্জের বিভিন্ন এলাকায় তিতাস গ্যাসের বিতরণ লাইন থেকে নিম্নমানের পাইপ টেনে প্রায় দেড় লাখ অবৈধ আবাসিক ও বাণিজ্যিক সংযোগ দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া, যেখানে সংযোগভেদে ৩০ হাজার থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত নেওয়া হতো। এ ছাড়া রূপগঞ্জের ড্রেজার ও বালু ব্যবসা নিয়ন্ত্রণ করে উত্তোলিত বালুর দামের ৫ শতাংশ চাঁদা আদায়, উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাদক কারবার নিয়ন্ত্রণ করে প্রতি মাসে প্রায় তিন থেকে সাড়ে তিন কোটি টাকা চাঁদা তোলা এবং ভুলতা গাউসিয়ার চার শতাধিক ফুটপাতের দোকান ও পরিবহন স্ট্যান্ডের অটোরিকশা, লেগুনা ও প্রাইভেট কার থেকে নিয়মিত চাঁদাবাজির অভিযোগ ওঠে। একই সঙ্গে সীমানা পিলার সরিয়ে শীতলক্ষ্যা নদীর দুই তীরের জমি দখল করে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের কাছে বিক্রির অভিযোগও এসব প্রতিবেদনে সামনে আসে। এসব অবৈধ সম্পদ ও দুর্নীতির অভিযোগ প্রকাশের পর দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে অনুসন্ধানে নামে এবং অর্জিত সম্পদের হিসাব চেয়ে তাকে তলবও করেছিল। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গ্রেপ্তারের পর বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে থাকা মামলা ও দুর্নীতির অভিযোগগুলোর বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। |