|
সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে হামলা, ৬০০ বর্গকিমি জুড়ে ছড়িয়ে পড়ল ধোঁয়া
নতুন বার্তা, ঢাকা:
|
সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগার ‘রাস তানুরায়’ হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি গোষ্ঠী। বিশ্বের অন্যতম বৃহৎ অপরিশোধিত তেল রপ্তানি টার্মিনালের পাশেই এই শোধনাগারটি অবস্থিত। স্যাটেলাইট থেকে তোলা ছবিতে স্থাপনাটির ওপর ঘন কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। খবর রয়টার্সের।হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, শোধনাগারে চালানো এই হামলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মার্কিন মহাকাশ সংস্থা নাসা এবং প্ল্যানেট ল্যাবসের স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, কালো ধোঁয়া প্রায় ৬০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে, যা আয়তনে প্রায় যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের সমান। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রও এই হামলার সত্যতা নিশ্চিত করেছে। তবে সৌদি সরকার এবং রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কিছু জানায়নি। গেল জুলাই থেকে সৌদি আরবের বিমানবন্দর, তেল অবকাঠামো ও অফিস ভবন লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে হুতিরা। মূলত যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের জেরে ইয়েমেনে পুনরায় গৃহযুদ্ধ শুরুর পর থেকেই এসব হামলা জোরদার করেছে তারা। হুতিদের হামলার কারণে এর আগে আরামকোর কিছু কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হয়েছিল। বাতিল হয়ে যায় রিয়াদগামী অধিকাংশ আন্তর্জাতিক ফ্লাইট। এ ছাড়া ফুটবলের এএফসি এশিয়ান কাপ এবং সৌদি আরবের ফ্ল্যাগশিপ বিনিয়োগ সম্মেলন ‘এফআইআই’-সহ বেশ কিছু বড় আন্তর্জাতিক ইভেন্ট স্থগিত বা বাতিল করতে বাধ্য হয়েছিল দেশটি। এদিকে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের রাস তানুরায় চারটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে সেখানে অবস্থিত তেল শোধনাগারটিতে আঘাত হানা হয়েছে কি না, সে বিষয়ে জোটের পক্ষ থেকে কিছু বলা হয়নি। দৈনিক ৫ লাখ ৫০ হাজার ব্যারেল তেল পরিশোধন ক্ষমতাসম্পন্ন রাস তানুরা শোধনাগারটি হুতিদের সঙ্গে চলমান সংঘাত এবং ইরান যুদ্ধের সময়ও হামলার শিকার হয়েছিল। উপসাগরীয় উপকূলের একটি বৃহৎ কমপ্লেক্সের অংশ এই রাস তানুরা। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের মাধ্যমে তেল সরবরাহকারী পশ্চিম উপকূলের ইয়ানবু বন্দরের গুরুত্ব বেড়ে যাওয়ার আগ পর্যন্ত এটিই ছিল সৌদি আরবের প্রধান তেল রপ্তানি টার্মিনাল। |