|
ব্র্যাক-বিআইজিডির যৌথ গবেষণা:
ব্যাটারিচালিত রিকশা খাতের ব্যবস্থাপনায় জীবিকা ও নিরাপত্তা বিবেচনার তাগিদ
নতুন বার্তা, ঢাকা:
|
বাংলাদেশের নগর পরিবহন ব্যবস্থায় ব্যাটারিচালিত রিকশার দ্রুত উত্থান একদিকে কর্মসংস্থান সৃষ্টি, স্থানীয় অর্থনীতিতে অবদান এবং স্বল্প খরচে মানুষের যাতায়াতের সুযোগ তৈরি করছে। অন্যদিকে সড়ক নিরাপত্তা, অনিয়ন্ত্রিত বিদ্যুৎ ব্যবহার ও পরিবেশগত ঝুঁকিও বাড়াচ্ছে। ফলে এ খাতের ব্যবস্থাপনা ও নীতি প্রণয়নে শুধু যানবাহন নিয়ন্ত্রণ নয়, এর সঙ্গে যুক্ত চালক, মালিক, গ্যারেজ পরিচালনাকারী, মেরামতকর্মী ও যাত্রীদের বাস্তবতাও বিবেচনায় নিতে হবে।রাজধানীর সিরডাপ মিলনায়তনে ২৪ নভেম্বর, মঙ্গলবার ‘ব্যাটারিচালিত রিকশা: জীবন-জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক টেকসই রূপান্তর’ শীর্ষক নীতি আলোচনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে ব্র্যাক ও ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) পরিচালিত ‘বাংলাদেশে ব্যাটারিচালিত রিকশার রাজনৈতিক ও আর্থসামাজিক বাস্তবতা’ শীর্ষক গবেষণার ফলাফল তুলে ধরা হয়। অনুষ্ঠানে গবেষণার আলোকে প্রণীত পলিসি ব্রিফ উপস্থাপন এবং এ বিষয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম বলেন, যানজট, বায়ুদূষণ, জলাবদ্ধতা, মশা কিংবা আবর্জনা; নগরের সমস্যাগুলো একটির সঙ্গে আরেকটি সম্পর্কিত। একটি বাদ দিয়ে আরেকটি নিয়ে ভাবলে সমাধান হবে না। নগরবাসীর যেমন নির্বিঘ্নে চলাচলের অধিকার রয়েছে, তেমনি রিকশাচালকদেরও বেঁচে থাকার ও কাজ করার অধিকার আছে। কিন্তু সবাই যদি ঢাকামুখী হতে থাকে, তবে নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা অসম্ভব হয়ে পড়বে। তাই বিষয়গুলোকে বিচ্ছিন্নভাবে না দেখে, সব পক্ষকে সঙ্গে নিয়ে এবং ঢাকা শহরের সামগ্রিক সক্ষমতা বিবেচনা করে একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে হবে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, আমরা অটোরিকশা বা রিকশাওয়ালাদের বিপক্ষে নই; তাদের জীবন-জীবিকার অধিকারও রক্ষা করতে হবে। তবে নিয়মের মধ্যে থাকলে জবাবদিহির জায়গা তৈরি হবে এবং আমরা তাদের ভালোভাবে সহযোগিতা করতে পারব। একদিনেই হয়তো সব সমাধান সম্ভব নয়, তবে অবৈধ অবস্থা থেকে তাদের বৈধতার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ বলেন, অনানুষ্ঠানিক খাতে যাঁরা কাজ করছেন, তাঁদের কণ্ঠস্বর নীতিনির্ধারণী পর্যায়ে পৌঁছায় না। ব্যাটারিচালিত রিকশা নিয়ে নিরাপত্তা, সড়ক ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের যে চ্যালেঞ্জগুলো আছে, তা সমাধান করতে হবে চালকদের বাস্তবতা বিবেচনায় নিয়ে, একটি ন্যায্য রূপান্তরের (জাস্ট ট্রানজিশন) মাধ্যমে। আমরা চাই, সংশ্লিষ্ট সব পক্ষ একসঙ্গে বসে তিন থেকে চার বছরের একটি রূপান্তর পরিকল্পনা তৈরি করুক, যাতে চালক ও তাঁদের পরিবারের জীবিকার ক্ষতি যথাসম্ভব কমিয়ে ধাপে ধাপে এগোনো যায়। আসিফ সালেহ্ বলেন, রিকশাচালক, ফুটপাতের হকারসহ অনানুষ্ঠানিক খাতের শ্রমিকেরা প্রতিদিন একধরনের অদৃশ্য কর দিচ্ছেন। এই টাকা রাষ্ট্রের কোষাগারে যায় না, যায় বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠীর হাতে। আইনি স্বীকৃতি না থাকায় তাঁদের প্রতিনিয়ত জরিমানা, চাঁদা আর নানা অনানুষ্ঠানিক খরচ গুনতে হয়, অথচ বিনিময়ে তাঁরা কোনো স্বীকৃতি বা সুরক্ষা পান না। গবেষণায় দেখা গেছে, ৯৬ শতাংশ ব্যাটারিচালিত রিকশাচালকের কোনো লাইসেন্স বা অনুমতিপত্র নেই, আর দুই-তৃতীয়াংশই কোনো না কোনো সময় জরিমানা বা হয়রানির শিকার হয়েছেন। এই অনিয়মের বোঝা বহন করছেন সবচেয়ে দরিদ্র মানুষেরা, আর লাভবান হচ্ছে একটি সুবিধাভোগী চক্র। তিনি আরও বলেন, বিআইজিডির গবেষণায় দেখা গেছে, ঢাকার ব্যাটারিচালিত রিকশাচালকদের ৭৮ শতাংশই অন্য জেলা থেকে এসেছেন, আর তাঁদের ৮৪ শতাংশ এসেছেন গ্রামে কাজ না থাকার কারণে। গ্রামে কাজের সুযোগ আর ফসলের ন্যায্য দাম না থাকলে মানুষ শহরে আসবেই। শুধু রিকশা বন্ধ করে এই বাস্তবতা বদলানো যাবে না; বরং হঠাৎ চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত লাখো পরিবারকে আরও অনিশ্চয়তায় ফেলবে। আসিফ সালেহ্ বলেন, দেশ এখন একটি কঠিন অর্থনৈতিক সময় পার করছে, নতুন কর্মসংস্থানের সুযোগও খুব সীমিত। এই অবস্থায় ব্যাটারিচালিত রিকশা অনেক পরিবারের জন্য টিকে থাকার শেষ অবলম্বন। তাই এ সমস্যার সমাধান কোনো একটি মন্ত্রণালয়ের একার কাজ নয়। সড়ক পরিবহন, স্থানীয় সরকার, বিদ্যুৎ, পরিবেশ, শ্রম ও কৃষিসংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে একসঙ্গে কাজ করতে হবে, যাতে এক মন্ত্রণালয়ের নীতি আরেক মন্ত্রণালয়ের নীতির সঙ্গে সাংঘর্ষিক না হয়। প্রয়োজন একটি সমন্বিত সরকারি উদ্যোগ (হোল অব গভর্নমেন্ট অ্যাপ্রোচ), যেখানে শহরের শৃঙ্খলা, চালকদের জীবিকা আর গ্রামীণ অর্থনীতি তিনটিকেই একসঙ্গে বিবেচনা করা হবে। বিআইজিডির নির্বাহী পরিচালক ইমরান মতিন বলেন, রিকশাচালকেরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ জীবিকার মধ্যে আছেন। যেকোনো দুর্ঘটনা বা হয়রানির কারণে তারা আবার দারিদ্র্যের মধ্যে পড়ে যেতে পারেন। পথচারীরা যেমন আমাদের দেশের নাগরিক, তেমনি যারা ব্যাটারিচালিত রিকশা চালাচ্ছেন তারাও আমাদের নাগরিক। এই বাস্তবতা মাথায় রেখেই আমাদের একটি ন্যায্য ও সহজ রূপান্তরের কথা চিন্তা করতে হবে। ব্র্যাকের পরিচালক নাফিউল হাসান নীতি ও মাঠ পর্যায়ের বাস্তবতা তুলে ধরেন এবং অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে একটি প্যানেল আলোচনা সঞ্চালনা করেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের (এআরআই) সাবেক পরিচালক সামছুল হক, প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. আকতার মাহমুদ, ব্র্যাকের পরিচালক আহমেদ নাজমুল হুসেইন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মো. আসফিকুজ্জামান আকতার, স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ শফিউল আলম, রহিম আফরোজ ব্যাটারিজ লিমিটেডের নির্বাহী পরিচালক ফারাজ রহিম, নিউ এইজ পত্রিকার সাংবাদিক শাহিন আখতার এবং ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদের আহ্বায়ক খালেকুজ্জামান লিপন প্যানেল আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাকের পরিচালক শাশ্বতী বিপ্লব। বিআইজিডির অপারেশনস ডিরেক্টর মেহনাজ রব্বানী গবেষণার ফলাফল উপস্থাপন করেন। এ ছাড়া, দুই সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি, উন্নয়নকর্মী, গবেষক, প্রকৌশলী, নাগরিক সমাজের প্রতিনিধি, ব্যাটারিচালিত রিকশাচালকদের প্রতিনিধিত্বকারী সংগঠন এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা অংশ নেন। উল্লেখ্য, ঢাকার ৩০০ জন এবং বরিশালের ১৫০ জনসহ মোট ৪৫০ জন সক্রিয় ব্যাটারিচালিত রিকশাচালকের ওপর পরিচালিত জরিপ এবং সংশ্লিষ্ট অংশীজনদের অভিজ্ঞতার ভিত্তিতে এই গবেষণাটি পরিচালিত হয়েছে। ২০২৬ সালের ১১ জুন থেকে ৩০ জুলাই পর্যন্ত জরিপের তথ্য সংগ্রহ করা হয়। |