|
কারাগারে ধারণ ক্ষমতার চেয়ে আড়াই গুণ বেশি বন্দি, নিরাপত্তা জোরদার
নতুন বার্তা, ঢাকা:
|
দেশের কারাগারগুলোতে একদিকে বন্দির সংখ্যা বেড়ে ধারণক্ষমতা ছাড়িয়েছে, অন্যদিকে রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে তৈরি হয়েছে বাড়তি নিরাপত্তা উদ্বেগ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য বিশৃঙ্খলা ও হামলার আশঙ্কায় কারাগারগুলোর নিরাপত্তা পরিকল্পনায় পরিবর্তন এনেছে কারা অধিদপ্তর। পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রয়োজনে সেনাবাহিনী ও অন্যান্য বাহিনীর সহায়তাও চাওয়া হয়েছে।কারা অধিদপ্তরের হিসাব বলছে, বর্তমানে দেশের ৭৫টি কারাগারে বন্দির সংখ্যা ১ লাখ ১৫ হাজার। অথচ এসব কারাগারে সর্বোচ্চ ৪৫ হাজার বন্দি রাখার ব্যবস্থা রয়েছে। ফলে স্বাভাবিক ধারণক্ষমতার তুলনায় প্রায় ৭০ হাজার বেশি বন্দি নিয়ে পরিচালিত হচ্ছে কারাগারগুলো। কারা অধিদপ্তরের জেলার মো. মাসুদ হাসান জুয়েলের ভাষ্য, দেশের কারাগারগুলোর ইতিহাসে বন্দির সংখ্যা আগে কখনো এত বেশি হয়নি। এই পরিস্থিতিতে গত এক সপ্তাহ ধরে বিশেষ নিরাপত্তা কার্যক্রম চলছে। ১৩টি কেন্দ্রীয় কারাগারসহ দেশের সব কারাগারে বন্দিদের গতিবিধি পর্যবেক্ষণ বাড়ানো হয়েছে। বিশেষ নজর রাখা হচ্ছে রাজনৈতিক বন্দিদের ওপর। কারাগারের ভেতরে কোনো ধরনের উত্তেজনা তৈরি হলে দ্রুত নিয়ন্ত্রণে আনার প্রস্তুতিও নেওয়া হয়েছে। কারা অধিদপ্তরের জেলার (মিডিয়া সেল) মাসুদ হাসান জুয়েল জানান, সম্ভাব্য হামলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দায়িত্বপ্রাপ্তদের করণীয় সম্পর্কে নিয়মিত নির্দেশনা দেওয়া হচ্ছে। বন্দিদের মধ্যে অসন্তোষ দেখা দিলে কীভাবে পরিস্থিতি সামাল দিতে হবে, সে বিষয়েও কর্মকর্তা-কর্মচারীদের প্রস্তুত রাখা হচ্ছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। নিরাপত্তা ব্যবস্থাপনায় স্থানীয় প্রশাসন ও বিভিন্ন বাহিনীর সঙ্গে সমন্বয় করছে কারা কর্তৃপক্ষ। জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে নিয়মিত যোগাযোগের পাশাপাশি বিজিবি এবং আনসানের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে। ভৌগোলিক অবস্থান ও পরিস্থিতি অনুযায়ী সেনাবাহিনী, নৌবাহিনী কিংবা কোস্টগার্ডের সহযোগিতা নেওয়ার প্রস্তুতি রয়েছে। গোয়েন্দা সংস্থাগুলোর কাছ থেকেও তথ্য সংগ্রহ করা হচ্ছে। তবে নিরাপত্তা জোরদারের এই উদ্যোগে সবচেয়ে বড় সীমাবদ্ধতা হয়ে দেখা দিয়েছে জনবল। কারা অধিদপ্তরে কর্মরত প্রায় সাড়ে ১২ হাজার কর্মকর্তা-কর্মচারীর মধ্যে কারারক্ষী রয়েছেন আনুমানিক ১০ হাজার। তাদেরও প্রায় ১৫ শতাংশ বিভিন্ন সময়ে ছুটি কিংবা অসুস্থতার কারণে দায়িত্বের বাইরে থাকেন। ফলে কার্যকরভাবে দায়িত্ব পালনকারী কারারক্ষীদের ওপর বিপুলসংখ্যক বন্দির নিরাপত্তার দায়িত্ব পড়ছে। কারা অধিদপ্তরের ডিআইজি পদমর্যাদার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রায় ১৮ বছর আগে ২০০৭-০৮ সালে ২৪ হাজার জনবল নিয়োগের একটি প্রস্তাব সরকারের কাছে পাঠানো হয়েছিল। কিন্তু এত দীর্ঘ সময়ে নতুন করে যুক্ত হয়েছে মাত্র পাঁচ হাজারের মতো কর্মী। বন্দির সংখ্যা ও নিরাপত্তার দায়িত্ব বিবেচনায় এই জনবল প্রয়োজনের তুলনায় অনেক কম। জনবল ও বন্দির চাপের এই সংকটের মধ্যেই বিশেষ নজরদারিতে রাখা হয়েছে গাজীপুরের কাশিমপুর কারা ক্যাম্পাসকে। সেখানে অবস্থিত চারটি কেন্দ্রীয় কারাগারে বর্তমানে প্রায় ১২ হাজার বন্দি রয়েছেন। গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা হিসেবে পুরো ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি বাহিনী মোতায়েন ও টহল বাড়ানোর উদ্যোগ নিয়েছে কারা কর্তৃপক্ষ। এ লক্ষ্যে বুধবার (১৮ নভেম্বর) গাজীপুরের জেলা প্রশাসকের কাছে সহযোগিতা চেয়ে লিখিত আবেদন পাঠানো হয়। কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার হালিমা খাতুন স্বাক্ষরিত ওই আবেদনে কারা ক্যাম্পাসের সার্বক্ষণিক নিরাপত্তা ও টহল কার্যক্রম জোরদারের অনুরোধ জানানো হয়েছে। আবেদনটি পাঠানো হয়েছে সাভার সেনানিবাসের ৯ পদাতিক ডিভিশনের সদর দপ্তরের জিওসি, গাজীপুর মহানগর পুলিশ কমিশনার, এসআরবির অধিনায়ক, কোনাবাড়ী থানার ওসি এবং রাজেন্দ্রপুর সেনানিবাসের অপারেশন শাখার কর্মকর্তার কাছে। এ ছাড়া প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আরও আটটি দপ্তরে চিঠির অনুলিপি পাঠানো হয়েছে। কারা অধিদপ্তরের জেলার মো. মাসুদ হাসান জুয়েল বলেন, জেলা প্রশাসকের কার্যালয় থেকে কারাগারের নিরাপত্তা বাড়ানোর বিষয়ে নির্দেশনা পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রশাসনকে অবহিত করার পাশাপাশি অন্যান্য বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থার সহযোগিতাও চাওয়া হয়েছে। গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া জানান, জেলায় বিজিবি, এসআরবি ও আনসানের ৩২ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন। কারা কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলার সব কারাগারের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। |