|
পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রী-কন্যাসহ নিহত ৩
নতুন বার্তা, পঞ্চগড়:
|
পঞ্চগড়ের বোদা উপজেলায় থ্রি-হুইলারে ট্রাকের ধাক্কায় এক সাংবাদিকের স্ত্রী-কন্যাসহ তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছেন।শুক্রবার (১৩ নভেম্বর) বেলা ৩টার দিকে উপজেলার সাকোয়া ইউনিয়নের জান্নাত পেট্রলপাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বোদা উপজেলার পাঠানপাড়া এলাকার বাসিন্দা সাংবাদিক আলী আজগর খোকনের স্ত্রী মাহমুদা আলম (৩০) ও মেয়ে সম্প্রীতি (৯) এবং দেবীগঞ্জ উপজেলার পামুলী এলাকার বাসিন্দা প্রমিলা রানী (৩০)। আলী আজগর খোকন খাদ্যবিষয়ক গণমাধ্যম ধারা নিউজের সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত। আহতরা হলেন উপজেলার সাকোয়া ইউনিয়নের সবুজপাড়া এলাকার আয়শা (২), বীরপাড়া এলাকার রহিদুল ইসলাম (৪৮), নগর সাকোয়া এলাকার নাসরিন আক্তার (৪৬), তার মেয়ে স্বীকৃতি (৭), চন্দনবাড়ি ইউনিয়নের প্রামানিক পাড়া এলাকার আক্তারুজ্জামান (৩৩)। তাদের মধ্যে এক জনকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি এবং আরেক জনকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেবীগঞ্জ থেকে বোদাগামী একটি থ্রি-হুইলার জান্নাত পেট্রলপাম্পের সামনে যাত্রী ওঠানোর জন্য গতি কমায়। এসময় পেছন থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক থ্রি-হুইলারটিকে ধাক্কা দেয়। সংঘর্ষে থ্রি-হুইলারটি দুমড়েমুচড়ে যায় এবং যাত্রীরা ছিটকে পড়ে। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়। বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল মণ্ডল তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আহত ব্যক্তিদের হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়। ঘাতক ট্রাকটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। |