|
সালিসে বেআইনি আপস ও শাস্তির অন্তত ৪৪ ঘটনা, কনস্টিটিউশন ওয়াচডগের উদ্বেগ
নতুন বার্তা, ঢাকা:
|
গুরুতর অপরাধের অভিযোগ সালিসে মিটিয়ে ফেলা ও সালিসের নামে বেআইনি শাস্তি দেওয়ার অন্তত ৪৪টি ঘটনার তথ্য পেয়েছে কনস্টিটিউশন ওয়াচডগ (সিডব্লিউ)। চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটেছে। এ নিয়ে সংগঠনটি গভীর উদ্বেগ এবং ঘটনাগুলো তদন্তের আহ্বান জানিয়েছে।শনিবার (১৪ নভেম্বর) সিডব্লিউর সভাপতি মো. ইব্রাহীম খলিলুল্লাহ্ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৪টি ঘটনার মধ্যে ১২টিতে গুরুতর অপরাধের অভিযোগ স্থানীয় সালিসে মিটিয়ে ফেলার খবর পাওয়া গেছে। বাকি ৩২টিতে সালিসকারীরা আইনগত ক্ষমতা ছাড়াই শাস্তি দিয়েছেন বলে উঠে এসেছে। এ ছাড়া সালিসের সঙ্গে সরাসরি যোগ রয়েছে, এমন সহিংসতা ও অপরাধের অভিযোগের আরও ৭৬টি ঘটনা আলাদাভাবে নথিভুক্ত করেছে সংগঠনটি। বিজ্ঞপ্তিতে নরসিংদী ও পটুয়াখালীর দুটি ঘটনার কথা তুলে ধরেছে সিডব্লিউ। নরসিংদীতে মারধরের শিকার এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানিয়েছে আজকের পত্রিকা। পত্রিকাটির প্রতিবেদন অনুযায়ী, তাঁর মৃত্যুর পর স্থানীয় সালিসে ২০ লাখ টাকা দেওয়ার শর্তে বিষয়টি মিটিয়ে ফেলার সিদ্ধান্ত হয়। ওই ব্যক্তির পরিবারকে মামলা না করার পরামর্শ দেওয়া হয়েছিল বলেও অভিযোগ ওঠে। পুলিশ পত্রিকাটিকে জানায়, তখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। পটুয়াখালীতে এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ নিয়ে সালিস বসান এক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। চ্যানেল আইয়ের খবর অনুযায়ী, ওই সালিসে অভিযুক্ত ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা ও ৫০ বার জুতাপেটার সিদ্ধান্ত দেন প্রধান শিক্ষক। পরে স্থানীয় এক ব্যক্তি প্রকাশ্যে তাঁকে জুতাপেটা করেন। সিডব্লিউ বলেছে, গুরুতর অপরাধের অভিযোগ সালিসে মেটাতে চাপ দিলে ভুক্তভোগী ও তাঁর পরিবারের আইনের আশ্রয় নেওয়ার পথ কঠিন হয়ে পড়ে। সালিসে কাউকে প্রকাশ্যে মারধর করাও মৌলিক অধিকারের লঙ্ঘন। সংবিধানের ৩১ অনুচ্ছেদে আইনের আশ্রয় লাভের অধিকার নিশ্চিত করা হয়েছে। ৩৫(৩) অনুচ্ছেদ অনুযায়ী, ফৌজদারি অপরাধে অভিযুক্ত ব্যক্তির আইন অনুযায়ী প্রতিষ্ঠিত স্বাধীন ও নিরপেক্ষ আদালত বা ট্রাইব্যুনালে দ্রুত ও প্রকাশ্য বিচার পাওয়ার অধিকার রয়েছে। একই অনুচ্ছেদের ৫ দফায় নির্যাতন ও অবমাননাকর শাস্তি নিষিদ্ধ করা হয়েছে। হাইকোর্টও বলেছেন, সালিসে কাউকে মারধর করা বা শাস্তি হিসেবে জরিমানা করার আইনগত ক্ষমতা সালিসকারীদের নেই। এসব ঘটনায় স্থানীয় প্রশাসন ও পুলিশ কী পদক্ষেপ নিয়েছে, তা খতিয়ে দেখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সিডব্লিউ। বেআইনি শাস্তি, ভয়ভীতি দেখানো ও মামলা করতে বাধা দেওয়ার অভিযোগ তদন্ত করে প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা নিতে বলেছে সংগঠনটি। একই সঙ্গে ভুক্তভোগী ও সাক্ষীদের সুরক্ষা দেওয়া এবং ভুক্তভোগীদের পরিচয় গোপন রেখে সরকারের পদক্ষেপ প্রকাশের আহ্বান জানিয়েছে সংগঠনটি। |