|
অন্তর্বর্তী সরকারের মধ্যে ক্ষমতা দীর্ঘায়িত করার প্রবণতা লক্ষ করেছি : স্বরাষ্ট্রমন্ত্রী
নতুন বার্তা, ঢাকা:
|
অন্তর্বর্তী সরকারের মধ্যে ক্ষমতা দীর্ঘায়িত করার প্রবণতা দেখা গেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের বাসনা ছিল, যে যেখানে যাবে, সেখানেই চিরস্থায়ী হবে। শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর অফিসার্স ক্লাবে আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, ‘যমুনার অন্দরে এক দল, যমুনার কিনারে ছিল আরেক দল। সমস্ত কিছু দখল করে, সংস্কার-বিচারের কথা বলে তাদের লক্ষ্য ছিল নির্বাচনকে পিছিয়ে দেওয়া। তখন রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ-আলোচনা ও সমঝোতা ছিল না।’ তিনি বলেন, শুধু ৩৬ দিনের আন্দোলনে জুলাই অভ্যুত্থান হয়নি। ইলিয়াস এখনো ফিরে আসেননি। গুম হওয়া যারা এখনো ফিরে আসেননি, তাদের পরিবার জানে ২০২৪ সাল পর্যন্ত আসতে কত ত্যাগ-তিতিক্ষা করতে হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা যেমন একক কারো কৃতিত্ব নয়, তেমনি ২০২৪ সালের অভ্যুত্থানও কারো একার নয়। কেউ যদি এর একক মালিকানা দাবি করতে থাকেন, তাহলে শেষ পর্যন্ত কারো মালিকানাই থাকবে না। তিনি আরো বলেন, ‘চব্বিশের মালিকানা যারা দাবি করতে থাকবেন, তাদের এই নবীনদের রাজনীতি নবীনই থেকে যাবে, কোনো দিন বড় হতে পারবে না। যারা ইতিহাস জানে না, তাদের সঙ্গে তর্ক করা আহাম্মকের কাজ।’ সরকারি কর্মকর্তাদের উদ্দেশে সালাহউদ্দিন আহমদ বলেন, রাজনৈতিক পক্ষপাতিত্বের প্রয়োজন নেই। সিভিল সার্ভিসের কর্মকর্তাদের কাজ দেশসেবা করা। রাজনৈতিক চাপ, লোভ কিংবা ভয়ের কারণে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে যাঁরা ভূমিকা রেখেছেন, তাঁদের কারণে দেশের সব প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। ১২ ফেব্রুয়ারির নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের আরো দুই-একটি নির্বাচন অনুষ্ঠিত হলেই নির্বাচনব্যবস্থা বিশুদ্ধ হয়ে উঠবে। এর মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থার সূচনা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা সেই সরকার, যারা পাঁচ বছর পরপর ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হওয়ার প্রত্যয় রাখি। কারণ, পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়, কোনো সরকার চিরস্থায়ী নয়। ৫১ ভাগ মানুষ যেখানে যাবে, তারাই সরকার হবে।’ |