|
দায়িত্ব পালনকালে নিহত আনসার সদস্যের পরিবারের ব্যাংকঋণ পরিশোধ করল বাহিনী
নিজস্ব প্রতিবেদক,ঢাকা:
|
দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া আনসার ব্যাটালিয়নের সিপাহি জয় গাইনের পরিবারের ব্যাংকঋণ পরিশোধ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। তার পরিবারের ৪ লাখ ২১ হাজার ৭৬৩ টাকার ঋণ পরিশোধে সহায়তা দেওয়া হয়েছে।সোমবার (২ নভেম্বর) রাজধানীর খিলগাঁওয়ে আনসার ও ভিডিপি সদর দপ্তরে জয় গাইনের স্ত্রী মণিষা বিশ্বাসের হাতে ঋণের সমপরিমাণ টাকার চেক তুলে দেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এ সময় বাহিনীর পরিচালক (কল্যাণ) এনামুল খাঁন উপস্থিত ছিলেন। আনসার ও ভিডিপি বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ মার্চ গাজীপুরের সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান সাতক্ষীরা আনসার ব্যাটালিয়নের (৩০ বিএন) সিপাহি জয় গাইন। তাঁর মৃত্যুর পর স্ত্রী মণিষা বিশ্বাস ও দুই সন্তান অসহায় অবস্থায় পড়েন। তাঁদের এক সন্তানের বয়স তিন বছর এবং অন্যজনের সাত মাস। জয় গাইন ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের আওতায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক থেকে ৪ লাখ ১৫ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। সুদসহ ঋণের পরিমাণ দাঁড়ায় ৪ লাখ ২১ হাজার ৭৬৩ টাকা। স্বামীর মৃত্যুর পর এই ঋণ পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন মণিষা। মণিষার আবেদনের পরিপ্রেক্ষিতে মহাপরিচালকের উদ্যোগে ঋণ পরিশোধের জন্য এ আর্থিক সহায়তা দেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দায়িত্ব পালনকালে মৃত্যুবরণকারী সদস্যের পরিবারের পাশে দাঁড়ানো এবং তাদের কল্যাণ নিশ্চিত করার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। |