|
পিছু হটলেন ইনফান্তিনো, বিশ্বকাপে দল বাড়ানোর স্বপ্নে ধাক্কা
নতুন বার্তা, ঢাকা:
|
বিশ্বকাপের শতবর্ষ পূর্তিতে টুর্নামেন্টকে আরো বড় করার পরিকল্পনা ছিল ফিফার। ২০৩০ বিশ্বকাপে ৪৮ দলের পরিবর্তে ৬৪টি দল নিয়ে আয়োজনের প্রস্তাবও উঠেছিল। তবে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা থেকে সরে এসেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, পুনর্নির্বাচিত হলে বিশ্বকাপে দলসংখ্যা বাড়ানোর উদ্যোগ নেবেন না বলে ফিফার শীর্ষ কর্মকর্তাদের জানিয়েছেন ইনফান্তিনো। ফিফার ছয়টি মহাদেশীয় কনফেডারেশনের সভাপতিদের নিয়ে গঠিত ফিফা ব্যুরোর সদস্যদের এ কথা জানিয়েছেন ইনফান্তিনো। আগামী বছরের মার্চে ফিফা সভাপতি নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার কথা তার। ২০৩০ বিশ্বকাপে ৬৪ দল রাখার প্রস্তাব দিয়েছিল দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (কনমেবল)। বিশ্বকাপের ১০০ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতেই এমন প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে ইউরোপসহ কয়েকটি মহাদেশীয় ফুটবল সংস্থা এ প্রস্তাবের বিরোধিতা করেছিল। বিশ্বকাপের স্বত্বের একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন ইনফান্তিনো। সেই চাপ কমাতেই তিনি সম্প্রসারণের পরিকল্পনা থেকে সরে এসেছেন বলে ধারণা দ্য টাইমসের। এ বিষয়ে ফিফার কাছে জানতে চেয়েছিল দ্য টাইমস। তবে সংস্থাটির কেউ মন্তব্য করতে রাজি হননি। ফিফার পক্ষ থেকে বলা হয়েছে, ‘ফিফা কাউন্সিল ও কাউন্সিল ব্যুরোর অভ্যন্তরীণ আলোচনা আমাদের নীতিমালা অনুযায়ী গোপনীয়।’ ২০৩০ বিশ্বকাপের মূল আয়োজক স্পেন, পর্তুগাল ও মরক্কো। শতবর্ষ উপলক্ষে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতেও একটি করে ম্যাচ হওয়ার কথা রয়েছে। |